এশিয়ান বীচ গেমস: নেপালের কাছে হেরে সেমিতে ভারতকে পেল বাংলাদেশের মেয়েরা

এশিয়ান বীচ গেমস: নেপালের কাছে হেরে সেমিতে ভারতকে পেল বাংলাদেশের মেয়েরা

খেলাধুলা

এশিয়ান বীচ গেমস কাবাডির গ্রুপ পর্বের শেষ ম্যাচে নেপালের কাছে হেরে গেছে বাংলাদেশ নারী দল। হাড্ডাহাড্ডি লড়াই শেষে ৩৬-৩৮ পয়েন্টের ব্যবধানে পরাজিত হয় লাল-সবুজের প্রতিনিধিরা।

চীনের সানিয়ায় অনুষ্ঠিত এই ম্যাচে শুরু থেকেই দুই দলের মধ্যে ছিল তীব্র প্রতিদ্বন্দ্বিতা। প্রথমার্ধে কেউ কাউকে ছাড় দেয়নি। বিরতিতে নেপাল ১৯-১৭ পয়েন্টে এগিয়ে ছিল।

বিরতির পর বাংলাদেশ ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও নেপালের শক্ত রক্ষণভাগ ও রেইডারদের কার্যকর পারফরম্যান্সে ব্যবধান আর ঘোচাতে পারেনি। নির্ধারিত সময় শেষে নেপাল ৩৮ এবং বাংলাদেশ ৩৬ পয়েন্ট সংগ্রহ করে।

মাত্র ২ পয়েন্টের ব্যবধানে এই পরাজয় হলেও গ্রুপ রানার্স আপ হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ নারী কাবাডি দল।

নিয়ম অনুযায়ী, ফাইনালে ওঠার লড়াইয়ে সেমিফাইনালে শক্তিশালী ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। টুর্নামেন্টে এখনো পদক জয়ের আশা টিকে আছে লাল-সবুজ শিবিরে।