চট্টগ্রামের জঙ্গল সলিমপুর এলাকার শীর্ষ সন্ত্রাসী ও ১৮ মামলার আসামি ওসমান গনি মনা (৩৫)-কে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, তিনটি একনলা শটগান, গুলি ও ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।
সোমবার (২৭ এপ্রিল) দুপুরে চট্টগ্রাম জেলা পুলিশ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জেলা পুলিশ সুপার মোহাম্মাদ নাজির আহমেদ খান।
পুলিশ সুপার জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার হাটহাজারী থানার চিকনদণ্ডী এলাকায় অভিযান চালিয়ে ওসমান গনি মনাকে গ্রেপ্তার করা হয়। অভিযানে তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, তিনটি একনলা শটগান, ১১ রাউন্ড তাজা গুলি, ১৭ রাউন্ড শটগানের কার্তুজ, একটি চাপাতি ও একটি চাকু জব্দ করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, ওসমান গনি মনা অবৈধ অস্ত্র ব্যবসা ও বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী নেটওয়ার্ক পরিচালনা করছিলেন বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত ওসমানের বিরুদ্ধে হত্যা, ডাকাতি, মাদক ও অস্ত্র আইনে মোট ১৮টি মামলা রয়েছে। তার বিরুদ্ধে হাটহাজারী থানায় নতুন করে আরও একটি মামলা দায়ের করা হয়েছে।
চট্টগ্রাম জেলা পুলিশ জানিয়েছে, অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে অভিযান চলছে।
