পারমাণবিক নিরস্ত্রীকরণ এবং পারমাণবিক অস্ত্র বিস্তার রোধে বৈশ্বিক অঙ্গীকার নবায়ন ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে বাংলাদেশ।মঙ্গলবার জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি (এনপিটি)-এর ১১তম পর্যালোচনা সম্মেলনের সাধারণ বিতর্কে বক্তব্য দেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী। সেখানে তিনি এ আহ্বান জানান।
রাষ্ট্রদূত বলেন, জাতিসংঘ প্রতিষ্ঠার প্রায় আট দশক পেরিয়ে গেলেও এখনো পারমাণবিক অস্ত্রমুক্ত বিশ্ব প্রতিষ্ঠা সম্ভব হয়নি। বরং পারমাণবিক অস্ত্রের বিস্তার বৈশ্বিক শান্তি ও নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে এবং উন্নয়ন অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করছে।
তিনি নিরস্ত্রীকরণের প্রতি বাংলাদেশের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করে বলেন, বাংলাদেশ দীর্ঘদিন ধরে পারমাণবিক ও প্রচলিত উভয় ধরনের অস্ত্র নিরস্ত্রীকরণের পক্ষে অবস্থান নিয়ে আসছে। পারমাণবিক অস্ত্রমুক্ত নীতি অনুসরণকারী দেশ হিসেবেও বাংলাদেশ তার অবস্থান বজায় রেখেছে।
রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী পারমাণবিক অস্ত্রধারী দেশগুলোকে এনপিটি-এর অনুচ্ছেদ-৬ অনুযায়ী তাদের আইনগত বাধ্যবাধকতা পূরণের আহ্বান জানান। পাশাপাশি নিরস্ত্রীকরণ বিষয়ক আন্তর্জাতিক চুক্তিগুলোর সার্বজনীন বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, গঠনমূলক সংলাপ, পারস্পরিক আস্থা বৃদ্ধি এবং সমন্বিত বৈশ্বিক উদ্যোগের মাধ্যমে পারমাণবিক হুমকিমুক্ত একটি নিরাপদ বিশ্ব গঠন সম্ভব।
বাংলাদেশ আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে কাজ অব্যাহত রাখবে বলেও তিনি উল্লেখ করেন, যাতে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি শান্তিপূর্ণ ও নিরাপদ বিশ্ব নিশ্চিত করা যায়।
