মার্কিন স্মারক পাসপোর্টে যুক্ত হচ্ছে ট্রাম্পের ছবি

মার্কিন স্মারক পাসপোর্টে যুক্ত হচ্ছে ট্রাম্পের ছবি

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উপলক্ষে আগামী জুলাই মাসে সীমিতসংখ্যক স্মারক পাসপোর্ট তৈরি করা হবে, যেখানে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিকৃতি থাকবে বলে জানিয়েছে হোয়াইট হাউস। এ তথ্য জানিয়েছে বিবিসি।

হোয়াইট হাউসের এক প্রশাসনিক কর্মকর্তা জানান, নতুন নকশার এই পাসপোর্ট যেকোনো মার্কিন নাগরিক আবেদন করলে পেতে পারবেন। তবে এটি সীমিত সময়ের জন্য এবং সরবরাহের ওপর নির্ভর করবে। বিশেষ এই পাসপোর্ট কেবল ওয়াশিংটনের পাসপোর্ট এজেন্সি থেকেই সংগ্রহ করা যাবে।

মার্কিন স্টেট ডিপার্টমেন্ট প্রকাশিত নকশায় দেখা যায়, পাসপোর্টে ট্রাম্পের প্রতিকৃতি যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ঘোষণাপত্রের লেখা ও জাতীয় পতাকার মাঝখানে যুক্ত করা হয়েছে। একইসঙ্গে সোনালি রঙে প্রেসিডেন্টের স্বাক্ষরও সংযোজন করা হয়েছে।

হোয়াইট হাউসের এক মুখপাত্র বলেন, “প্রেসিডেন্ট ট্রাম্পের নতুন দেশপ্রেমিক পাসপোর্ট ডিজাইন আমেরিকার ২৫০তম জন্মদিন উদ্‌যাপনে অংশ নেওয়ার একটি অনন্য উপায়।”

বর্তমান মার্কিন পাসপোর্টে যুক্তরাষ্ট্রের ইতিহাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ দৃশ্য যেমন চাঁদে অবতরণ এবং স্ট্যাচু অব লিবার্টির মতো প্রতীক ব্যবহৃত হয়। নতুন এই স্মারক সংস্করণটি ট্রাম্প প্রশাসনের সাম্প্রতিক বিভিন্ন প্রতীকী উদ্যোগের অংশ হিসেবে দেখা হচ্ছে।

এর আগে এপ্রিলের শুরুতে হোয়াইট হাউস ‘আর্ক অব ট্রাম্প’ নামে একটি বিশাল স্বর্ণাভ বিজয় তোরণ নির্মাণের পরিকল্পনার কথাও জানায়। ওয়াশিংটনে ২৫০ ফুট উচ্চতার এই স্থাপনার প্রাথমিক অনুমোদন মিললেও তা জনসাধারণ ও সংরক্ষণবাদীদের সমালোচনার মুখে পড়ে।

এছাড়া হোয়াইট হাউস ভবনের পূর্বাংশে পরিবর্তন এনে একটি নতুন বলরুম নির্মাণের পরিকল্পনাও হাতে নিয়েছে ট্রাম্প প্রশাসন।