বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)সহ চারটি সরকারি সংস্থায় নতুন প্রধান নিয়োগ দিয়েছে সরকার। অতিরিক্ত সচিব পদমর্যাদার চার কর্মকর্তাকে বিভিন্ন প্রতিষ্ঠানে পদায়ন করে বুধবার (২৯ এপ্রিল) পৃথক প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
নতুন নিয়োগ অনুযায়ী, পানিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ হাবীবুর রহমানকে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এর আগে তিনি জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে বদলির আদেশাধীন ছিলেন।
অন্যদিকে, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোসা. ফেরদৌসী বেগমকে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়েছে।
এছাড়া, ঢাকা নভোথিয়েটারের মহাপরিচালক মো. শাওগাতুল আলমকে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহকে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে এসব নিয়োগের তথ্য জানানো হয়। প্রশাসনের গুরুত্বপূর্ণ এসব প্রতিষ্ঠানে নতুন নেতৃত্ব কার্যক্রমের গতিশীলতা বাড়াবে বলে সংশ্লিষ্ট মহল মনে করছে।
