প্রধানমন্ত্রী তারেক রহমান দেশি ও বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে প্রকল্প অনুমোদন প্রক্রিয়া সহজ করার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা সরকারি কল-কারখানায় বিনিয়োগে আগ্রহীদের প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি।
সোমবার সকালে বাংলাদেশ সচিবালয়-এ মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এসব নির্দেশনা দেন তিনি। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীন বন্ধ কল-কারখানাগুলোর বর্তমান অবস্থা ও করণীয় নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকটি অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, বৈঠকে তারেক রহমান বলেন, সরকার একটি বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। এ লক্ষ্য অর্জনে বিনিয়োগ প্রক্রিয়ায় বিদ্যমান জটিলতা দূর করা জরুরি।
তিনি প্রকল্প অনুমোদন প্রক্রিয়া সহজ ও সময়োপযোগী করার ওপর গুরুত্ব দিয়ে বলেন, যেসব মন্ত্রণালয় বা দপ্তরের অনুমোদন অপরিহার্য নয়, সেগুলো প্রক্রিয়া থেকে বাদ দিতে হবে।
এছাড়া বন্ধ সরকারি কল-কারখানায় বেসরকারি বিনিয়োগ বাড়াতে ঋণপ্রাপ্তি সহজ করার ওপরও গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী। এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রীদের দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন তিনি।
