বিমানবন্দরের ১৭.৫ কেজি স্বর্ণ ১.৫ কেজি দেখানো: হাইকোর্টে জালিয়াতির চাঞ্চল্যকর তথ্য

বিমানবন্দরের ১৭.৫ কেজি স্বর্ণ ১.৫ কেজি দেখানো: হাইকোর্টে জালিয়াতির চাঞ্চল্যকর তথ্য

জাতীয়

সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর-এ জব্দ হওয়া সাড়ে ১৭ কেজি স্বর্ণ হাইকোর্টে উপস্থাপনের সময় মাত্র দেড় কেজি দেখানো হয়েছে—এমন চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে একটি অনুসন্ধানী প্রতিবেদনে।

জানা গেছে, গত বছরের ৫ নভেম্বর আসামিরা বাংলাদেশ হাইকোর্ট-এ জামিন নিতে গেলে নথিতে ১৭ কেজি ৫০০ গ্রাম স্বর্ণকে দেখানো হয় মাত্র ১ কেজি ৫০০ গ্রাম হিসেবে। আদালত তখন সেই তথ্যের ভিত্তিতেই আসামিদের জামিন মঞ্জুর করেন।

পরে রাষ্ট্রপক্ষ নথি যাচাই করে দেখতে পায়, ১৭ সংখ্যার ‘৭’ সুকৌশলে বাদ দেওয়া হয়েছে। বিষয়টি প্রকাশ্যে এলে জামিন স্থগিত করা হয় এবং জালিয়াতির ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন আদালত। তবে ততক্ষণে আসামিরা কারাগার থেকে বেরিয়ে যান।

ঘটনার সূত্রপাত ২০২৫ সালের ৫ ফেব্রুয়ারি। ওইদিন শারজাহ থেকে আসা দুই যাত্রীর কাছ থেকে ১২০টি স্বর্ণের বার ও ৪টি স্বর্ণের পেস্ট জব্দ করা হয়। অভিযানে অংশ নেয় জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) এবং শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা। জব্দকৃত স্বর্ণের তৎকালীন আনুমানিক বাজারমূল্য ছিল প্রায় ২১ কোটি টাকা।

অভিযুক্তদের আইনজীবী সাদিয়া ইয়াসমিন এ অভিযোগ অস্বীকার করে বলেন, মামলার নথিতে শুরু থেকেই স্বর্ণের পরিমাণ ১ কেজি ৫০০ গ্রাম উল্লেখ ছিল।