বিশ্বকাপ শুরুর আগমুহূর্তে ইনজুরি শঙ্কায় পড়েছেন আর্জেন্টাইন তারকা Lionel Messi। সোমবার (২৫ মে) মেজর লিগ সকারে (এমএলএস) Inter Miami CF-এর হয়ে খেলতে নেমে ম্যাচ শেষ হওয়ার আগেই মাঠ ছাড়তে দেখা যায় তাকে। যদিও ম্যাচে ৬-৪ ব্যবধানে জয় পেয়েছে ইন্টার মায়ামি।
Philadelphia Union-এর বিপক্ষে ম্যাচের ৭৩তম মিনিটে হঠাৎ বদলির ইঙ্গিত দেন মেসি। কিছুক্ষণ মাঠের বাইরে হাঁটাহাঁটি করার পর সরাসরি টানেলে চলে যান তিনি। এ সময় তাকে পায়ের পেছনের অংশ ধরে থাকতে দেখা যায়, যা নিয়ে সমর্থকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। তার পরিবর্তে মাঠে নামেন মাতেও সিলভেত্তি।
জানা গেছে, বৃষ্টিভেজা পিচ্ছিল মাঠে কোনো ট্যাকল ছাড়াই অস্বস্তিতে পড়েন মেসি। এতে আর্জেন্টিনা শিবিরেও শঙ্কা তৈরি হয়েছে। ইন্টার মায়ামির মেডিকেল টিম বর্তমানে তার শারীরিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।
৩৮ বছর বয়সী মেসি এখনও আর্জেন্টিনা দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের একজন। কোচ Lionel Scaloni-র দলের অধিনায়ক হিসেবে তাকে ঘিরেই সমর্থকদের বড় প্রত্যাশা। অনেকের ধারণা, এটিই হতে যাচ্ছে মেসির শেষ বিশ্বকাপ।
আগামী ১৬ জুন আর্জেন্টিনার বিশ্বকাপ অভিযান শুরুর আগে মেসির এই চোটের শঙ্কা দলটির জন্য বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। উল্লেখ্য, বিশ্বকাপের আগে এটিই ছিল ইন্টার মায়ামির শেষ ম্যাচ।
