ব্রাজিল জাতীয় ফুটবল দলের ঐতিহ্যবাহী ১০ নম্বর জার্সি ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। প্রশ্ন উঠেছে—এই জার্সি কি এখনো Neymar-এর কাছেই থাকা উচিত, নাকি সময় এসেছে Vinícius Júnior-এর হাতে তুলে দেওয়ার?
ব্রাজিলিয়ান গণমাধ্যমে খবর ছড়িয়েছিল, এবার ১০ নম্বর জার্সি পেতে পারেন ভিনিসিয়ুস জুনিয়র এবং নেইমারকে দেওয়া হতে পারে ১৩ নম্বর জার্সি। যদিও পরে জানা যায়, এখনো আনুষ্ঠানিকভাবে কোনো জার্সি নম্বর চূড়ান্ত হয়নি।
ব্রাজিলের ১০ নম্বর জার্সি শুধু একটি সংখ্যা নয়, এটি দেশটির ফুটবল ইতিহাসের অন্যতম বড় প্রতীক। এই জার্সি পরেছেন Pelé, Zico, Rivaldo, Ronaldinho ও Kaká-এর মতো কিংবদন্তিরা।
২০১৩ সাল থেকে নিয়মিতভাবে ব্রাজিলের ১০ নম্বর জার্সি পরে আসছেন নেইমার। দীর্ঘদিন ধরে তিনিই এই জার্সির উত্তরসূরি হিসেবে বিবেচিত হয়ে আসছেন।
অন্যদিকে, ভিনিসিয়ুস জুনিয়রকে দেখা হচ্ছে ব্রাজিলের ভবিষ্যৎ নেতা হিসেবে। নেইমার ইনজুরিতে থাকাকালে ২০২৩ সালে প্রথমবারের মতো ১০ নম্বর জার্সি পরেছিলেন তিনি। এরপর থেকেই অনেক সমর্থক মনে করছেন, নতুন প্রজন্মের হাতে দায়িত্ব তুলে দেওয়ার সময় এসেছে।
তবে অভিজ্ঞতা ও দলের ভেতরে প্রভাবের দিক থেকে এখনো এগিয়ে নেইমার। ব্রাজিল দলের ড্রেসিংরুমে তার নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেছেন সতীর্থ Raphinha-ও।
সবশেষ সিদ্ধান্ত অবশ্য নেবেন নতুন কোচ Carlo Ancelotti। অভিজ্ঞতাকে গুরুত্ব দিলে নেইমারের কাছেই থাকতে পারে ১০ নম্বর জার্সি। আর নতুন প্রজন্মকে অগ্রাধিকার দিলে ভিনিসিয়ুস পেতে পারেন সেই ঐতিহ্যবাহী দায়িত্ব।
তবে নেইমার যদি আসন্ন বিশ্বকাপে ১০ নম্বর জার্সি পরে খেলেন, তাহলে নতুন ইতিহাস গড়বেন তিনি। কারণ, তখন তিনিই হবেন একমাত্র ব্রাজিলিয়ান ফুটবলার, যিনি চারটি ভিন্ন বিশ্বকাপে ১০ নম্বর জার্সি পরে মাঠে নামবেন।
