রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় তীব্র গরম ও মৃদু তাপপ্রবাহের মধ্যে বৃষ্টির সুখবর দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় দেশের চার বিভাগের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি তিন বিভাগে মাঝারি ধরনের ভারি বর্ষণও হতে পারে।
মঙ্গলবার (২ জুন) সকালে প্রকাশিত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এছাড়া আগামী ৭২ ঘণ্টার মধ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু টেকনাফ উপকূল পর্যন্ত অগ্রসর হতে পারে।
এ অবস্থায় চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক স্থানে এবং ঢাকা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
একই সঙ্গে চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণের সম্ভাবনার কথাও জানিয়েছে আবহাওয়া অফিস। তবে দেশের অন্যান্য এলাকায় আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, ঢাকা, নারায়ণগঞ্জ, টাঙ্গাইল, ফরিদপুর, গোপালগঞ্জ, ময়মনসিংহ, চাঁদপুর ও লক্ষ্মীপুর জেলাসহ রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা আগামী ২৪ ঘণ্টায়ও অব্যাহত থাকতে পারে।
পূর্বাভাস অনুযায়ী, সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
এদিকে, গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে খুলনায় ৩৮ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে সর্বোচ্চ ৫৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে কুমিল্লায়।
