২০২৬ ফুটবল বিশ্বকাপ সামনে রেখে অংশগ্রহণকারী দলগুলোর বাজারমূল্যের নতুন বিশ্লেষণ প্রকাশ করেছে গবেষণা প্রতিষ্ঠান ট্রান্সফাররুম। খেলোয়াড়দের বয়স, পারফরম্যান্স ও সম্ভাবনা বিবেচনায় এই মূল্যায়ন করা হয়েছে। প্রকাশিত তালিকায় প্রায় ১ দশমিক ৪৬ বিলিয়ন ইউরো বাজারমূল্য নিয়ে শীর্ষ অবস্থানে রয়েছে ফ্রান্স।
দ্বিতীয় স্থানে থাকা স্পেনের স্কোয়াডের বাজারমূল্য ১ দশমিক ৪১ বিলিয়ন ইউরো এবং তৃতীয় স্থানে থাকা ইংল্যান্ডের বাজারমূল্য ১ দশমিক ৪০ বিলিয়ন ইউরো।
তালিকায় চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে যথাক্রমে জার্মানি ও পর্তুগাল। তাদের স্কোয়াডের বাজারমূল্যও এক বিলিয়ন ইউরোর বেশি। লাতিন আমেরিকার অন্যতম পরাশক্তি ব্রাজিল রয়েছে ষষ্ঠ স্থানে। কার্লো আনচেলত্তির অধীনে নেইমার, ভিনিসিয়ুস জুনিয়রদের নিয়ে গড়া ব্রাজিল দলের মোট বাজারমূল্য ৯৪১ মিলিয়ন ইউরো। দলটির সবচেয়ে মূল্যবান খেলোয়াড় ভিনিসিয়ুস জুনিয়র, যার আনুমানিক বাজারমূল্য ১২৮ মিলিয়ন ইউরো।
অন্যদিকে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা রয়েছে অষ্টম স্থানে। লিওনেল মেসিকে নিয়ে গড়া আলবিসেলেস্তেদের স্কোয়াডের বাজারমূল্য প্রায় ৭৩৯ মিলিয়ন ইউরো।
বিশ্বকাপের আগে এই তালিকা ফুটবলপ্রেমীদের মধ্যে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। বাজারমূল্যে পিছিয়ে থাকলেও মাঠের পারফরম্যান্সই শেষ পর্যন্ত শিরোপা নির্ধারণ করবে বলে মনে করছেন বিশ্লেষকরা।
