হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ও উপসর্গে ১,২৮৭ জন

হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ও উপসর্গে ১,২৮৭ জন

জাতীয়

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ২৮৭ জনের মধ্যে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

রোববার (৭ জুন) প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হাম বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, গত এক দিনে শুধু ঢাকা বিভাগেই হামের উপসর্গে চার শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া চট্টগ্রাম, ময়মনসিংহ ও খুলনা বিভাগে একজন করে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে ৭ জুন পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গে মোট ৬২০ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬৬ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে আরও ১ হাজার ২২১ জনের মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে। ফলে এক দিনে হাম শনাক্ত ও উপসর্গ পাওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৮৭ জনে।

পরিসংখ্যান অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ৭৯ হাজার ১২ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে। একই সময়ে ল্যাব পরীক্ষার মাধ্যমে মোট ৯ হাজার ৬৮৬ জনের হাম শনাক্ত হয়েছে।

এদিকে চলমান পরিস্থিতিতে হাসপাতালগুলোতে রোগীর চাপও বেড়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ৭ জুন পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মোট ৬৪ হাজার ২৬৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

তাদের মধ্যে চিকিৎসা শেষে ৬০ হাজার ৮৪ জন ইতোমধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

হামের সংক্রমণ নিয়ন্ত্রণে টিকাদান কর্মসূচি জোরদার করার পাশাপাশি শিশুদের স্বাস্থ্যবিধি মেনে চলা এবং উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।