শাবনূরকে নিয়ে পূর্ণিমার আবেগঘন বার্তা

শাবনূরকে নিয়ে পূর্ণিমার আবেগঘন বার্তা

বিনোদন

ঢাকাই চলচ্চিত্রের দুই জনপ্রিয় নায়িকা শাবনূর ও পূর্ণিমা। দীর্ঘদিন ধরে বাংলা চলচ্চিত্রে তাদের জনপ্রিয়তা ও দর্শকপ্রিয়তা রয়েছে। সম্প্রতি শাবনূরকে নিয়ে পূর্ণিমার একটি আবেগঘন ফেসবুক পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

রোববার (৭ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শাবনূরের সঙ্গে কাটানো একটি স্মরণীয় মুহূর্তের ভিডিও শেয়ার করেন পূর্ণিমা। ভিডিওটির সঙ্গে দেওয়া ক্যাপশনে তিনি শাবনূরের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা ও মুগ্ধতার কথা তুলে ধরেন।

পোস্টে পূর্ণিমা লিখেছেন, “কিছু মানুষ শুধু তারকা নন, তারা মানুষের হৃদয়ে চিরকাল বেঁচে থাকেন। বাংলা চলচ্চিত্রের এক উজ্জ্বল নক্ষত্র শাবনূর আপু।”

তিনি আরও লিখেন, “পর্দার সাফল্যের বাইরেও তিনি একজন অসাধারণ মনের মানুষ। দুই-তিন বছর আগে তার সঙ্গে কাটানো এই মুহূর্তটি আজও আমার জীবনের সবচেয়ে স্মরণীয় স্মৃতিগুলোর একটি।”

বাংলা সিনেমায় শাবনূরের অবদানের প্রশংসা করে পূর্ণিমা বলেন, “বাংলা সিনেমায় আপনার অবদান যেমন অবিস্মরণীয়, তেমনি মানুষ হিসেবেও আপনি অসাধারণ। আপনাকে বড় পর্দায় খুব মিস করি। ভালো থাকুন, সুস্থ থাকুন। অনেক শ্রদ্ধা ও ভালোবাসা।”

ভিডিওতে দুই তারকাকে হাস্যোজ্জ্বল ও আন্তরিক পরিবেশে একসঙ্গে সময় কাটাতে দেখা যায়। পোস্টটি প্রকাশের পর ভক্ত-অনুরাগীরাও মন্তব্যের ঘরে শাবনূরের প্রতি তাদের ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশ করেন।

একসময় ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়িকা হিসেবে অসংখ্য জনপ্রিয় সিনেমায় অভিনয় করে দর্শকদের হৃদয়ে স্থায়ী জায়গা করে নিয়েছেন শাবনূর। বর্তমানে অভিনয়ে অনিয়মিত হলেও তার জনপ্রিয়তায় ভাটা পড়েনি। আর সেই ভালোবাসারই প্রতিফলন দেখা গেল সহকর্মী পূর্ণিমার আবেগঘন এই পোস্টে।