মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিতের দাবি ইরানের

মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিতের দাবি ইরানের

আন্তর্জাতিক

মার্কিন যুক্তরাষ্ট্রের একটি এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। একই সঙ্গে বাহরাইনে অবস্থানরত মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরকে লক্ষ্য করে ড্রোন হামলা চালানোর কথাও জানিয়েছে বাহিনীটি।

বুধবার (১০ জুন) প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি জানায়, দক্ষিণ ইরানের বুশেহর প্রদেশের আকাশসীমায় মার্কিন ড্রোনটি ভূপাতিত করা হয়েছে। এছাড়া স্থানীয় সময় রাত আড়াইটার দিকে মার্কিন পঞ্চম নৌবহরের বিরুদ্ধে একটি ড্রোন অভিযান পরিচালনা করা হয়।

আইআরজিসির দাবি, মার্কিন সেনাবাহিনীর একটি অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত হওয়ার ঘটনার জেরে মঙ্গলবার রাতে ইরানের বিভিন্ন স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র। এতে সিরিক শহরের একটি টেলিযোগাযোগ টাওয়ার ক্ষতিগ্রস্ত হয় এবং বামানি এলাকায় দুটি পানির ট্যাংক ধ্বংস হয় বলে অভিযোগ করা হয়েছে।

এর কয়েক ঘণ্টা আগে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) ইরানের বিরুদ্ধে পরিচালিত ‘আত্মরক্ষামূলক’ সামরিক অভিযান শেষ হওয়ার ঘোষণা দেয়। সেন্টকমের দাবি, হরমুজ প্রণালির কাছে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও রাডার স্থাপনাকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে।

মার্কিন পক্ষ জানিয়েছে, তাদের একটি অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত হওয়ার ঘটনার প্রতিক্রিয়াতেই ওই অভিযান পরিচালিত হয়।