বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া এবার নতুন এক অভিজ্ঞতায় যুক্ত হলেন অভিনয় জগতে। ফুটবল মাঠের পরিচিত এই মুখ এবার কাজ করছেন আসন্ন বিশ্বকাপকে কেন্দ্র করে নির্মিত ওয়েব সিরিজ ‘ব্রাজেন্টিনা’-তে।
সোমবার (১৫ জুন) রাজধানীর কলাবাগানের একটি মাঠে সিরিজটির শুটিং শুরু হয়। সিরিজটি পরিচালনা করছেন তারিক মুহাম্মাদ।
৮ পর্বের এই সিরিজে জামাল ভূঁইয়ার বিপরীতে অভিনয় করছেন তাসনুভা তিশা ও লামিমা লাম। বিজ্ঞাপনচিত্রে কাজের অভিজ্ঞতা থাকলেও এটিই তার প্রথম নাট্য বা সিরিজভিত্তিক অভিনয়।
অভিনয় প্রসঙ্গে জামাল ভূঁইয়া বলেন, শুরুতে তিনি এই প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন। তবে পরিচালক একাধিকবার অনুরোধ করার পর তিনি কাজটি করতে রাজি হন। আগেও চার বছর আগে একই প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু তখন সময়ের অভাবে কাজটি করা হয়নি।
তিনি আরও জানান, আশরাফুল ও আমিনুল ইসলামের মতো ক্রীড়া ব্যক্তিত্বদের অংশগ্রহণের উদাহরণ তাকে সাহস জুগিয়েছে। পরিচালকের আগের কাজগুলো দেখার পর তিনি সিদ্ধান্ত নেন অংশ নেওয়ার।
শুটিং অভিজ্ঞতা সম্পর্কে জামাল বলেন, অভিনয়ের পুরো বিষয়টি তার কাছে নতুন এবং কিছুটা চ্যালেঞ্জিং মনে হয়েছে। পেশাদার অভিনয়শিল্পীদের সঙ্গে কাজ করায় অভিজ্ঞতাটি উপভোগ্য হলেও সহজ ছিল না।
কলাবাগানের মাঠের সঙ্গে নিজের আবেগের সম্পর্কের কথাও তুলে ধরেন তিনি। বলেন, এই মাঠেই তার ক্যারিয়ার শুরু হয়েছিল এবং সেই জায়গায় ফিরে শুটিং করা তার জন্য বিশেষ অনুভূতির।
সিরিজটির অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন শরাফ আহমেদ জীবন, সহিদ উন নবী ও ইশতিয়াক আহমেদ। আগামী ৩০ জুন একটি ওটিটি প্ল্যাটফর্মে সিরিজটি প্রকাশিত হওয়ার কথা রয়েছে।
