চীন-মালয়েশিয়া সফরে দেশের স্বার্থই ছিল প্রধান লক্ষ্য: প্রধানমন্ত্রী তারেক রহমান

চীন-মালয়েশিয়া সফরে দেশের স্বার্থই ছিল প্রধান লক্ষ্য: প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতীয়

চীন ও মালয়েশিয়া সফরে দেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, নিজের অবস্থান থেকে দেশের মানুষের স্বার্থ রক্ষায় তিনি কাজ করেছেন এবং আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের পক্ষে কথা বলেছেন।

শনিবার (২৯ জুন) বেলা ১১টার দিকে জাতীয় সংসদে বাজেট অধিবেশনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, “আমি আমার অবস্থান থেকে দেশ ও দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলেছি এবং সেই স্বার্থ রক্ষার চেষ্টা করেছি।”

তিনি বলেন, “বাংলাদেশের মানুষ আমাদের দায়িত্ব দিয়েছে তাদের স্বার্থ রক্ষার জন্য। আমাদের দলের একটি স্লোগান রয়েছে—‘বাংলাদেশ ফার্স্ট’ বা ‘বাংলাদেশ প্রথম’। সেই নীতিকেই আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এগিয়ে যাচ্ছি।”

তারেক রহমান আরও বলেন, “এখানে আমাদের কারও কোনো ব্যক্তিগত বিষয় নেই। যদি এই সফরের মাধ্যমে কোনো ভালো অর্জন হয়ে থাকে, সেটি বাংলাদেশের অর্জন। আর যদি দেশের মানুষের কোনো উপকার হয়ে থাকে, সেটি বাংলাদেশের মানুষেরই অর্জন।”

বক্তব্যের শেষদিকে সংসদ সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, বিরোধীদলীয় নেতাসহ সংসদের সব সদস্য দেশের স্বার্থে কাজ করার জন্য তাকে উৎসাহ দিয়েছেন। এজন্য তিনি সকল সদস্যকে আন্তরিক ধন্যবাদ জানান।