কাতারের রাজধানী দোহায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার পরোক্ষ কারিগরি আলোচনা ইতিবাচক ও ফলপ্রসূ হওয়ার খবরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমার ধারা অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) আন্তর্জাতিক বাজারে লেনদেন শুরুর সঙ্গে সঙ্গেই অপরিশোধিত জ্বালানি তেলের দামে নতুন করে পতন দেখা যায়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, আন্তর্জাতিক তেল বাজারের বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৭৩ সেন্ট বা ১ দশমিক ০২ শতাংশ কমে ৭০ দশমিক ৮৪ মার্কিন ডলারে নেমে এসেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৮৩ সেন্ট বা ১ দশমিক ১২ শতাংশ কমে ৬৭ দশমিক ৭৫ মার্কিন ডলারে লেনদেন হয়েছে।
এর আগের লেনদেন সেশনেও ব্রেন্ট ও ডব্লিউটিআই—উভয় বেঞ্চমার্কের তেলের দাম ১ শতাংশের বেশি কমেছিল। ফলে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম গত চার মাসের মধ্যে সর্বনিম্ন অবস্থানে নেমে এসেছে। বাজার বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনায় ইতিবাচক অগ্রগতির সম্ভাবনা এবং মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক উত্তেজনা কিছুটা কমার প্রত্যাশায় বিনিয়োগকারীদের আস্থা বেড়েছে। এর প্রভাবেই বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম নিম্নমুখী রয়েছে।
