এলপিজির নতুন দাম ঘোষণা আজ

এলপিজির নতুন দাম ঘোষণা আজ

জাতীয়

জুলাই মাসে ভোক্তাপর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সিলিন্ডারের দাম বাড়বে নাকি কমবে, তা জানা যাবে আজ বৃহস্পতিবার (২ জুলাই)। এদিন নতুন মূল্য ঘোষণা করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। বিইআরসির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সৌদি আরামকোর ঘোষিত সৌদি সিপি (Saudi CP) অনুযায়ী জুলাই মাসের জন্য বেসরকারি খাতে এলপিজির নতুন মূল্য নির্ধারণ করা হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বৃহস্পতিবার বিকেল ৩টায় রাজধানীর রমনায় ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইইবি) ভবনে বিইআরসির কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন দর ঘোষণা করা হবে।

নতুন মূল্য ঘোষণার পর বিইআরসির অফিসিয়াল ওয়েবসাইটেও এ-সংক্রান্ত আদেশ প্রকাশ করা হবে। এর আগে গত ২ জুন ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৯৪০ টাকা থেকে কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করা হয়েছিল। একই সময়ে যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দাম লিটারপ্রতি ৮৯ টাকা ৫০ পয়সা থেকে কমিয়ে ৮৬ টাকা ৯৩ পয়সা করা হয়।

আন্তর্জাতিক বাজারে এলপিজির মূল্য পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতি মাসেই দেশের এলপিজির নতুন দাম নির্ধারণ করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।