ফিফা বিশ্বকাপ ২০২৬-এর রাউন্ড অব ৩২-এ স্পেনের তরুণ তারকা লামিন ইয়ামালকে নিষ্ক্রিয় রাখাই অস্ট্রিয়ার প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন দলটির প্রধান কোচ রালফ রাংনিক।
বুধবার (১ জুলাই) ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে রাংনিক বলেন, বিশ্বের সব ফুটবলপ্রেমী লামিন ইয়ামালকে খেলতে দেখতে ভালোবাসে। তবে অস্ট্রিয়ার দায়িত্ব হবে, তাকে যতটা সম্ভব বলের সংস্পর্শ থেকে দূরে রাখা।
বৃহস্পতিবার (২ জুলাই) বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ মুখোমুখি হবে স্পেন ও অস্ট্রিয়া। টুর্নামেন্টের অন্যতম ফেভারিট স্পেনকে কঠিন চ্যালেঞ্জ দিতে প্রস্তুত রাংনিকের দল।
হ্যামস্ট্রিং ইনজুরি কাটিয়ে ধীরে ধীরে ছন্দে ফিরছেন ১৮ বছর বয়সী ইয়ামাল। চলতি বিশ্বকাপের গ্রুপ পর্বে তিন ম্যাচে মোট ১৪১ মিনিট মাঠে নেমে একটি গোল করেছেন স্পেনের এই তরুণ উইঙ্গার।
ইয়ামালকে নিয়ে রাংনিক বলেন, “সে অসাধারণ একজন ফুটবলার। সুস্থ থাকলে এবং নিজেকে সঠিকভাবে ধরে রাখতে পারলে আগামী ১২ থেকে ১৪ বছর, এমনকি তারও বেশি সময় সর্বোচ্চ পর্যায়ে খেলতে পারবে।”
তিনি আরও বলেন, “আমাদের লক্ষ্য থাকবে তাকে খুব কাছ থেকে মার্ক করা। যেন সে ড্রিবল করার সুযোগ না পায় এবং খোলা জায়গা না পায়। ফুটবলপ্রেমীরা তাকে দেখতে ভালোবাসে, কিন্তু আমাদের কাজ হবে তাকে যতটা সম্ভব বল থেকে দূরে রাখা।”
গ্রুপ পর্বে অস্ট্রিয়া তিন ম্যাচে ছয় গোল করেছে, যা স্পেনের চেয়ে একটি বেশি। তবে ২০২৩ সালের মার্চ থেকে টানা ৩৪ ম্যাচ অপরাজিত থাকা স্পেনের বিপক্ষে জিততে হলে নিজেদের সেরা খেলাটাই খেলতে হবে বলে মনে করেন রাংনিক।
তিনি বলেন, “স্পেনের বিপক্ষে আমাদের আরও উন্নত পারফরম্যান্স করতে হবে। এই ম্যাচে আমাদের এক ধাপ এগিয়ে যেতে হবে।”
অস্ট্রিয়ার অধিনায়ক ডেভিড আলাবাও স্পেনের প্রশংসা করে বলেন, দলটি দারুণ আক্রমণাত্মক ফুটবল খেলে এবং তাদের অনেক খেলোয়াড় একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে সক্ষম। তবে স্পেনকে ভয় পাচ্ছে না অস্ট্রিয়া।
আলাবা বলেন, “আমরাও ইতিবাচক ফুটবল খেলতে চাই এবং ভালো ফল নিয়েই মাঠ ছাড়ার লক্ষ্য নিয়ে নামব।”
তবে গুরুত্বপূর্ণ এই ম্যাচে চোটের কারণে ডিফেন্ডার ফিলিপ মভেনেকে পাচ্ছে না অস্ট্রিয়া। এরপরও রাংনিকের বিশ্বাস, দলে পর্যাপ্ত বিকল্প রয়েছে এবং তারা স্পেনকে কঠিন লড়াই উপহার দিতে সক্ষম হবে।
