এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী আমির খসরু

এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী আমির খসরু

জাতীয়

দেশি-বিদেশি বিনিয়োগ বৃদ্ধির ধারাবাহিকতায় বাংলাদেশ এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণার পর প্রথমবারের মতো নিজ শহর চট্টগ্রাম সফরে গিয়ে শনিবার (৪ জুলাই) তিনি এ মন্তব্য করেন।

অর্থমন্ত্রী বলেন, দেশে বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি করতে সরকার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। দেশি ও বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার ফলে অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আসছে এবং বাংলাদেশ ধীরে ধীরে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্যপূরণের দিকে এগিয়ে যাচ্ছে।

তিনি আরও বলেন, চট্টগ্রাম দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির অন্যতম চালিকাশক্তি। এ অঞ্চলে শিল্প, বন্দর ও বাণিজ্যিক কার্যক্রমের ব্যাপক সম্ভাবনা রয়েছে। তাই চট্টগ্রামকে দেশের অর্থনৈতিক লজিস্টিক হাব হিসেবে গড়ে তোলার পরিকল্পনার প্রতিফলন এবারের বাজেটেও রয়েছে।

আমির খসরু জানান, চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় প্রায় ৬০০ একর জমির ওপর একটি ফ্রি ট্রেড জোন প্রতিষ্ঠার পরিকল্পনা নেওয়া হয়েছে। এই প্রকল্প বাস্তবায়িত হলে দেশি-বিদেশি বিনিয়োগ বৃদ্ধি, রপ্তানি সম্প্রসারণ এবং নতুন কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এর আগে গত এপ্রিল মাসে জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেছিলেন, ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করাই সরকারের অন্যতম প্রধান লক্ষ্য। এ লক্ষ্য অর্জনে বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি, অর্থনৈতিক গণতন্ত্রায়ণ, সৃজনশীল অর্থনীতি (ক্রিয়েটিভ ইকোনমি) এবং স্পোর্টস ইকোনমির উন্নয়নে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে।