খামেনির শেষ বিদায় উপলক্ষে ইরানকে ‘এক সপ্তাহের ছুটি’ দিয়েছি: ট্রাম্প

খামেনির শেষ বিদায় উপলক্ষে ইরানকে ‘এক সপ্তাহের ছুটি’ দিয়েছি: ট্রাম্প

আন্তর্জাতিক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায় অনুষ্ঠানের কারণে যুক্তরাষ্ট্র ইরানকে ‘এক সপ্তাহের ছুটি’ দিয়েছে।

শনিবার (৪ জুলাই) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইরান ইন্টারন্যাশনাল।

যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উপলক্ষে সাউথ ডাকোটার মাউন্ট রাশমোরে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে ট্রাম্প বলেন, “আমরা ইরানকে আচ্ছামতো পিটিয়েছি। তারা এখন সমঝোতার জন্য মরিয়া। খামেনির শেষ বিদায় উপলক্ষে আমরা তাদের এক সপ্তাহের ছুটি দিয়েছি।”

তিনি আরও দাবি করেন, সাম্প্রতিক সংঘাতের পর তেহরান এখন ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় আগ্রহী।

এদিকে ইরানের প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দাফনের আগে ৩ থেকে ৯ জুলাই পর্যন্ত ইরান ও ইরাকের বিভিন্ন শহরে সাত দিনব্যাপী শ্রদ্ধা নিবেদন, জানাজা ও শোকযাত্রার আয়োজন করা হয়েছে। শনিবার সকালে রাজধানী তেহরানে তার শেষ বিদায় অনুষ্ঠান শুরু হয়।

উল্লেখ্য, ইরানের প্রথম সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির মৃত্যুর পর ১৯৮৯ সাল থেকে আয়াতুল্লাহ আলী খামেনি দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে দায়িত্ব পালন করেন। চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ বিমান হামলায় তিনি ও তার পরিবারের কয়েকজন সদস্য নিহত হন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।