যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, সিরিয়াকে যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবাদে মদদদাতা রাষ্ট্রের তালিকা থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারাকে পাঠানো এক চিঠিতে তিনি এ তথ্য জানান।
চিঠিতে ট্রাম্প বলেন, সিরিয়ার পুনর্গঠনের পথে থাকা বাধা দূর করার প্রতিশ্রুতির অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি জানান, যুক্তরাষ্ট্রের বিভিন্ন কোম্পানি সিরিয়ায় বিনিয়োগে আগ্রহী, যা দেশটির অর্থনীতি পুনর্গঠনে সহায়ক হবে।
যুক্তরাষ্ট্রের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, আঙ্কারায় ট্রাম্প ও আহমেদ আল-শারার বৈঠকের পর চিঠিটি হস্তান্তর করা হয়। বিষয়টি ইতোমধ্যে মার্কিন কংগ্রেসকে জানানো হয়েছে। কংগ্রেস ৪৫ দিন পর্যালোচনার পর সিদ্ধান্ত কার্যকর হবে।
সিরিয়ার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর সাফওয়াত রাসলান বলেন, এ সিদ্ধান্ত বিদেশি বিনিয়োগ বাড়াবে এবং দেশটির অর্থনীতিকে বৈশ্বিক ব্যবস্থার সঙ্গে আরও যুক্ত করবে। পাশাপাশি সৌদি আরবসহ উপসাগরীয় কয়েকটি দেশও সিরিয়ার পুনর্গঠনে বড় বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে।
