ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কোর (আইআরজিসি)-কে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে যুক্তরাজ্য সরকার। নতুন এ সিদ্ধান্তের ফলে দেশটিতে আইআরজিসির সদস্য হওয়া, এর কার্যক্রমে অংশ নেওয়া, সভায় উপস্থিত থাকা কিংবা জনসমক্ষে বাহিনীটির প্রতীক বহন করা এখন থেকে ফৌজদারি অপরাধ হিসেবে বিবেচিত হবে।
স্কাই নিউজের প্রতিবেদনে জানানো হয়েছে, নতুন আইনের আওতায় এসব কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের সর্বোচ্চ ১৪ বছরের কারাদণ্ড অথবা অর্থদণ্ডে দণ্ডিত করা হতে পারে।
যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ বলেছেন, আইআরজিসিকে দেশটির জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে বিবেচনা করা হচ্ছে। তাই সংগঠনটির বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা কার্যকর করা হয়েছে।
সম্প্রতি যুক্তরাজ্যে ইহুদিবিদ্বেষী ঘটনার সংখ্যা বাড়ার পর প্রধানমন্ত্রী কেইর স্টারমার জাতীয় নিরাপত্তা জোরদারে নতুন একটি নিরাপত্তা বিল আনার প্রতিশ্রুতি দেন। সেই উদ্যোগের অংশ হিসেবেই ব্রিটিশ সরকার আইআরজিসির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে বলে মনে করা হচ্ছে।
বর্তমানে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ ইউরোপের একাধিক দেশে আইআরজিসির কার্যক্রম নিষিদ্ধ বা কঠোরভাবে নিয়ন্ত্রিত।
উল্লেখ্য, ১৯৭৯ সালে ইরানের ইসলামী বিপ্লবের পর ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কোর (আইআরজিসি) গঠন করা হয়। বাহিনীটি ইরানের সর্বোচ্চ নেতার সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত হয়ে থাকে।
