আরও ৫ দিন বৃষ্টির আভাস, উত্তরাঞ্চলে অতি ভারী বর্ষণের সতর্কতা

আরও ৫ দিন বৃষ্টির আভাস, উত্তরাঞ্চলে অতি ভারী বর্ষণের সতর্কতা

পরিবেশ

দেশের ওপর মৌসুমি বায়ু সক্রিয় থাকায় আগামী ১২০ ঘণ্টা (৫ দিন) সারাদেশে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। এ সময় বিশেষ করে রংপুরসহ উত্তরাঞ্চলে ভারী থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে।

শনিবার (১৮ জুলাই) আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক স্বাক্ষরিত পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাস অনুযায়ী, শনিবার সকাল ৯টা থেকে রোববার সকাল ৯টা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের অনেক স্থানে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় রংপুর বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। দিনের ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

রোববার থেকে বুধবার পর্যন্তও দেশের আট বিভাগের অধিকাংশ এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় দেশের বিভিন্ন স্থানে মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সোমবার থেকে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

এ ছাড়া আগামী পাঁচ দিন পরও দেশে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।