যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান সংঘাতের প্রভাব পড়তে শুরু করেছে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিতে। ক্রমেই কমে যাচ্ছে এ পথ দিয়ে জাহাজ চলাচল, যা বৈশ্বিক জ্বালানি সরবরাহ নিয়ে নতুন উদ্বেগ তৈরি করেছে।
শনিবার (১৮ জুলাই) বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, গত তিন সপ্তাহের মধ্যে বৃহস্পতিবার সবচেয়ে কমসংখ্যক জাহাজ হরমুজ প্রণালি অতিক্রম করেছে।
সামুদ্রিক তথ্য বিশ্লেষণকারী প্রতিষ্ঠান কেপলার-এর তথ্য অনুযায়ী, ওই দিন মাত্র ৮টি জাহাজ হরমুজ প্রণালি দিয়ে চলাচল করে। এর মধ্যে ৭টি জাহাজ ইরান অনুমোদিত রুট ব্যবহার করেছে।
আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ) সতর্ক করে জানিয়েছে, হরমুজ প্রণালির বর্তমান অচলাবস্থা দীর্ঘায়িত হলে বৈশ্বিক জ্বালানি নিরাপত্তা গুরুতর হুমকির মুখে পড়তে পারে।
বিশেষজ্ঞদের মতে, ইরানে চলমান মার্কিন হামলা, যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ এবং নৌ-অবরোধের কারণে হরমুজ প্রণালির সংকট আরও দীর্ঘস্থায়ী হওয়ার আশঙ্কা রয়েছে।
