দেশে গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা) হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ ও নিশ্চিত হামে মোট ৭৮৪ জনের মৃত্যু হয়েছে।
শনিবার (১৮ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত হাম বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, এ পর্যন্ত হামের উপসর্গে ৬৮৯ জন এবং নিশ্চিত হামে ৯৫ জন মারা গেছেন। তবে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে নতুন কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
এদিকে, একই সময়ে দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে নতুন করে ৭৭৩ জন শিশু আক্রান্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হাম ও হামের উপসর্গ নিয়ে ৯৯ হাজার ২৪৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৯৫ হাজার ৫২৯ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।
