রাসায়নিক সার-কীটনাশকের যথেচ্ছ ব্যবহার রোধে সচেতন হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

রাসায়নিক সার-কীটনাশকের যথেচ্ছ ব্যবহার রোধে সচেতন হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

জাতীয়

কৃষিতে রাসায়নিক সার ও কীটনাশকের যথেচ্ছ ব্যবহার নিয়ন্ত্রণে কৃষকসহ সংশ্লিষ্ট সবাইকে আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে বঙ্গভবনে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান।

রাষ্ট্রপতি বলেন, অতিরিক্ত ও অপ্রয়োজনীয় রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারের কারণে মাটির স্বাস্থ্য, পরিবেশ এবং জনস্বাস্থ্যের ওপর দীর্ঘমেয়াদি ক্ষতিকর প্রভাব পড়ছে। এ বিষয়ে কৃষকদের সচেতন ও সতর্ক করতে কৃষি বিশ্ববিদ্যালয়সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

সাক্ষাৎকালে টেকসই ও আধুনিক কৃষিব্যবস্থা গড়ে তুলতে গবেষণালব্ধ প্রযুক্তির মাঠপর্যায়ে কার্যকর প্রয়োগের ওপর গুরুত্ব দেন রাষ্ট্রপতি। পাশাপাশি নিরাপদ খাদ্য উৎপাদন ও পরিবেশবান্ধব কৃষিচর্চা বাড়ানোর আহ্বান জানান তিনি।

রাষ্ট্রপতি কৃষি শিক্ষা, গবেষণা ও সম্প্রসারণ কার্যক্রমের মধ্যে আরও নিবিড় সমন্বয় প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।

এ সময় শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফের নেতৃত্বে প্রতিনিধিদল বিশ্ববিদ্যালয়ের সার্বিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। রাষ্ট্রপতির কার্যালয়ের সচিবরাও এ সময় উপস্থিত ছিলেন।