নীট (NEET) প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে দেশজুড়ে কয়েক সপ্তাহের বিক্ষোভের মুখে ভারতের শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ধর্মেন্দ্র প্রধান। শনিবার (২৫ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি পদত্যাগের ঘোষণা দেন। খবর এনডিটিভির।
পদত্যাগের ঘোষণায় ধর্মেন্দ্র প্রধান বলেন, দেশের তরুণদের আকাঙ্ক্ষা, অনুভূতি ও ন্যায্য প্রত্যাশার প্রতি তিনি গভীর শ্রদ্ধাশীল। দেশের সেবার সুযোগ করে দেওয়ায় তিনি প্রধানমন্ত্রীর প্রতিও কৃতজ্ঞতা জানান।
দিল্লির যন্তর মন্তরে এক মাসের বেশি সময় ধরে আন্দোলনরত শিক্ষার্থীদের অন্যতম প্রধান দাবি ছিল ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। শনিবার সকালে আন্দোলনকারী সংগঠন সিজেপি জানিয়ে দেয়, শিক্ষামন্ত্রীকে অপসারণ না করলে সরকারের সঙ্গে কোনো আলোচনা হবে না।
আন্দোলনকারীদের অন্যান্য দাবির মধ্যে ছিল আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা না নেওয়া এবং নীট প্রশ্নপত্র ফাঁসের ঘটনার পর আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারের জন্য ক্ষতিপূরণ নিশ্চিত করা।
