ভারতের উত্তর-পূর্বাঞ্চলে ভয়াবহ বন্যা, আসামে মৃত বেড়ে ৯৫

ভারতের উত্তর-পূর্বাঞ্চলে ভয়াবহ বন্যা, আসামে মৃত বেড়ে ৯৫

আন্তর্জাতিক

ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের কয়েকটি রাজ্যে ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত আসামে গত ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এতে চলতি বর্ষা মৌসুমে রাজ্যটিতে মোট প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৫ জনে।

পরিস্থিতির অবনতির কারণে আসামের শিবসাগর, গোলাঘাট, জোরহাট, কামরূপসহ অন্তত ১৪টি জেলায় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। বন্যার পানিতে লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। তাদের জন্য খোলা হয়েছে শতাধিক আশ্রয়কেন্দ্র, যেখানে হাজার হাজার মানুষ আশ্রয় নিয়েছেন।

প্লাবিত ও দুর্গম এলাকায় উদ্ধার এবং ত্রাণ কার্যক্রম জোরদার করেছে জাতীয় দুর্যোগ প্রশমন বাহিনী (এনডিআরএফ), রাজ্য দুর্যোগ প্রশমন বাহিনী (এসডিআরএফ) এবং ভারতীয় সেনাবাহিনীর বিশেষ দল।

আসামের পাশাপাশি মেঘালয় ও অরুণাচল প্রদেশেও টানা বৃষ্টি ও পাহাড়ি ধসের কারণে পরিস্থিতির অবনতি হয়েছে। বিভিন্ন নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে।

অন্যদিকে, উত্তর-পূর্বাঞ্চলের বাইরে উত্তর প্রদেশেও টানা বর্ষণে নতুন করে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। রাজ্যটির প্রধান দুই নদী গঙ্গা ও যমুনার পানি একাধিক পয়েন্টে বিপদসীমা অতিক্রম করায় নদীতীরবর্তী এলাকায় উদ্বেগ বেড়েছে।

প্রশাসন জানিয়েছে, ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার ও ত্রাণ কার্যক্রম অব্যাহত রয়েছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।