ঢাকায় ফিরল রোমে আটকে থাকা বিমানের উড়োজাহাজ

ঢাকায় ফিরল রোমে আটকে থাকা বিমানের উড়োজাহাজ

জাতীয়

যান্ত্রিক ত্রুটির কারণে ইতালির রোমের ফিউমিচিনো বিমানবন্দরে আটকে থাকা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩০৬ ফ্লাইটের উড়োজাহাজটি মেরামতের পর ঢাকায় ফিরে এসেছে। রোববার (৯ আগস্ট) দুপুর ১২টা ২৪ মিনিটে বোয়িং ৭৭৭-৩০০ ইআর উড়োজাহাজটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জিএম (পিআর) বোসরা ইসলাম জানান, রোম থেকে উড়োজাহাজটি রোববার দুপুরে ঢাকায় পৌঁছানোর কথা ছিল। এ ঘটনায় যাত্রীদের ধৈর্য ধরার জন্যও তিনি ধন্যবাদ জানান।

বিমান সূত্রে জানা গেছে, রোমে আটকে থাকা উড়োজাহাজটি মেরামতের জন্য ঢাকা থেকে প্রয়োজনীয় খুচরা যন্ত্রাংশ ও প্রকৌশলী দল পাঠানো হয়। যন্ত্রাংশ ও প্রকৌশলী দল নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩০৫ ফ্লাইটটি শনিবার বাংলাদেশ সময় রাত ১১টা ১৬ মিনিটে রোমের ফিউমিচিনো বিমানবন্দরে পৌঁছায়। এরপর প্রকৌশলীরা উড়োজাহাজটির কারিগরি ত্রুটি নিরসনে কাজ শুরু করেন।

মেরামত শেষে উড়োজাহাজটি রোববার ঢাকার উদ্দেশে রওনা দেয় এবং দুপুরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে। এর আগে শুক্রবার (৭ আগস্ট) স্থানীয় সময় সকাল ৭টা ২০ মিনিটের দিকে নিয়মিত জ্বালানি নেওয়ার সময় উড়োজাহাজটিতে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। ফলে এটি রোমের বিমানবন্দরে আটকে যায়।

বিজি-৩০৬ ফ্লাইটটি বৃহস্পতিবার (৬ আগস্ট) স্থানীয় সময় বিকেল ৫টা ১৮ মিনিটে কানাডার টরন্টো পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করেছিল। প্রায় আট ঘণ্টা উড্ডয়নের পর শুক্রবার সকাল ৭টা ১৯ মিনিটে এটি রোমের ফিউমিচিনো বিমানবন্দরে অবতরণ করে। উড়োজাহাজটিতে আড়াই শতাধিক যাত্রী ছিলেন। উড়োজাহাজটি আটকে যাওয়ার পর যাত্রীদের জন্য হোটেলে থাকার ব্যবস্থা করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। পাশাপাশি খাবারসহ প্রয়োজনীয় সহায়তাও দেওয়া হয়।