যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর এবং ফেসবুক লাইভে এসে আত্মহত্যার চেষ্টার অভিযোগে দায়ের করা পৃথক দুই মামলায় জামিন পেয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আব্দুল্লাহ আল মামুন ওরফে প্রিন্স মামুন। দুই মামলায় জামিন পাওয়ায় তার কারামুক্তিতে আর কোনো আইনগত বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী।
রোববার (১৬ আগস্ট) দুপুরে ঢাকার পৃথক দুটি আদালতে শুনানি শেষে তার জামিন মঞ্জুর করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মামুনের আইনজীবী পলাশ রায়।
আইনজীবী জানান, স্ত্রীকে মারধরের মামলায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রৌনক জাহান তাকি ১ হাজার টাকা মুচলেকায় পুলিশ প্রতিবেদন দাখিল না হওয়া পর্যন্ত তার জামিন মঞ্জুর করেন।
অন্যদিকে, ফেসবুক লাইভে এসে আত্মহত্যার চেষ্টার অভিযোগে ভাটারা থানায় করা মামলায় ঢাকার সিএমএম আদালতের ২৬ নম্বর আদালত তার জামিন আবেদন মঞ্জুর করেন।
পলাশ রায় বলেন, প্রিন্স মামুনের বিরুদ্ধে আর কোনো মামলা না থাকায় জামিনের আদেশের পর তার কারামুক্তিতে আইনগত কোনো বাধা নেই।
এর আগে, স্ত্রীর করা কোটি টাকা যৌতুক দাবি ও শারীরিক নির্যাতনের মামলায় গত ২৪ জুলাই প্রিন্স মামুনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
এ ছাড়া ২৩ জুলাই গভীর রাতে ফেসবুক লাইভে এসে সিলিং ফ্যানের সঙ্গে শাড়ি পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করার অভিযোগে তার স্ত্রী আতিকিয়া ফাইজাহ মোহনা ভাটারা থানায় মামলা করেন। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা তাকে ওই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন এবং শুনানি শেষে আদালত গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন।
