হালাল শিল্পে বৈশ্বিক বাজার ধরতে বাংলাদেশ-মালয়েশিয়া একসঙ্গে কাজ করবে

হালাল শিল্পে বৈশ্বিক বাজার ধরতে বাংলাদেশ-মালয়েশিয়া একসঙ্গে কাজ করবে

জাতীয়

হালাল শিল্পকে বৈশ্বিক বাজারে আরও সম্প্রসারণে বাংলাদেশ ও মালয়েশিয়া একসঙ্গে কাজ করতে পারে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, হালাল এখন শুধু ধর্মীয় মূল্যবোধের বিষয় নয়; স্বাস্থ্য, পরিচ্ছন্নতা ও নিরাপদ খাদ্যের সঙ্গেও এর গুরুত্ব জড়িত। ফলে বিশ্বজুড়ে হালাল পণ্যের বড় একটি বাজার তৈরি হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) রাজধানীতে ‘থিংক হালাল, গ্রো গ্লোবাল’ শীর্ষক সেমিনারে স্বাগত বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, হালাল ডেভেলপমেন্ট করপোরেশন এবং ঢাকায় মালয়েশিয়ার হাইকমিশনের সহযোগিতায় এ সেমিনারের আয়োজন করা হয়।

মন্ত্রী বলেন, বাংলাদেশ ও মালয়েশিয়ার ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক মূল্যবোধে অনেক মিল রয়েছে। এই অভিন্নতাকে কাজে লাগিয়ে দুই দেশ হালাল শিল্পে সহযোগিতা বাড়াতে পারে। বিশেষ করে হালাল খাদ্য ও পণ্যের আন্তর্জাতিক বাজার সম্প্রসারণে দুই দেশের জন্য বড় সম্ভাবনা রয়েছে।

তিনি বলেন, বৈশ্বিক হালাল বাজারে বিনিয়োগের সুযোগ সম্পর্কে ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের পরিষ্কার ধারণা দিতে প্রয়োজনীয় তথ্য ও সুযোগ তৈরি করা জরুরি। বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বারের নেতৃত্বে এ খাতে বিনিয়োগের জন্য একটি সমন্বিত তথ্যভিত্তিক প্যাকেজ তৈরি করা যেতে পারে।

জহির উদ্দিন স্বপন আরও বলেন, বিশ্বজুড়ে হালাল পণ্যের ভোক্তা ও বিনিয়োগকারীরা একটি বড় ও সংগঠিত বাজারের অপেক্ষায় রয়েছেন। সঠিক পরিকল্পনা ও উদ্যোগের মাধ্যমে তাদের কার্যকর বাজারব্যবস্থার আওতায় আনা সম্ভব।

সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফরের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের নেতৃত্বে মালয়েশিয়া সরকার যেভাবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়েছে, তা দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের গভীরতার প্রতিফলন। হালাল শিল্পে সহযোগিতা এ সম্পর্ককে আরও শক্তিশালী করবে বলেও তিনি আশা প্রকাশ করেন।