দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজ বৃহস্পতিবার (২০ আগস্ট)। জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। নির্বাচনে ভোট দেওয়ার কথা রয়েছে ৩৪৯ জন সংসদ সদস্যের।
তবে অসুস্থতাজনিত কারণে দেশের বাইরে অবস্থান করায় রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে পারছেন না বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য মির্জা আব্বাস।
ভোট দিতে না পারার বিষয়টি জানিয়ে জাতীয় সংসদের স্পিকারকে চিঠি দিয়েছেন মির্জা আব্বাস। বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি।
জাতীয় সংসদের মোট ৩৫০টি আসনের মধ্যে চট্টগ্রাম-৪ আসন শূন্য থাকায় এবারের রাষ্ট্রপতি নির্বাচনে ভোটার রয়েছেন ৩৪৯ জন সংসদ সদস্য। মির্জা আব্বাস দেশের বাইরে থাকায় কার্যত ৩৪৮ জন সদস্য ভোট দিতে পারবেন।
এবারের নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোট শেষে জাতীয় সংসদ ভবনেই ব্যালট গণনা করে ফল ঘোষণা করা হবে।
