চেস্টারের সুবারু পার্কে ফিলাডেলফিয়া ইউনিয়ন ও ইন্টার মায়ামির ম্যাচে উত্তেজনার কমতি ছিল না। ২-২ গোলে ড্র হওয়া ম্যাচের শেষ দিকে দুই দলের খেলোয়াড়দের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে।
যোগ করা সময়ের ১২ মিনিটে সংঘর্ষে জড়ান ইন্টার মায়ামির ইয়ানিক ব্রাইট ও ফিলাডেলফিয়ার বাংলাদেশি বংশোদ্ভূত মিডফিল্ডার কাভান সুলিভান। ধাক্কাধাক্কির ঘটনায় দুজনকেই সরাসরি লাল কার্ড দেখান রেফারি। ঘটনার আগে কাভানের বড় ভাই কুইন সুলিভান ও মায়ামির ইয়ান ফ্রের মধ্যে বাদানুবাদ হয়েছিল। ওই ঘটনায় কুইনকে হলুদ কার্ড দেখানো হয়।
এর আগে ম্যাচে লিওনেল মেসির সঙ্গেও উত্তপ্ত পরিস্থিতিতে জড়ান কুইন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, কুইন মেসির বুকে হাত দেওয়ার পর মেসি তার দিকে হাত তোলেন। এরপর কুইনও মেসির দিকে এগিয়ে যান এবং দুজনকে মাথা ঠুকাঠুকি করে তর্কে জড়াতে দেখা যায়। পরে রেফারি এসে তাদের আলাদা করেন। তবে কী কারণে তাদের মধ্যে এই উত্তেজনার সৃষ্টি হয়েছিল, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট হয়নি।
ম্যাচে ১১ মিনিটে ইন্ডিয়ানা ভাসিলেভের গোলে এগিয়ে যায় ফিলাডেলফিয়া ইউনিয়ন। ২১ মিনিটে মেসির পাস থেকে দানিয়েল পিন্টার গোল করে মায়ামিকে সমতায় ফেরান।
এর পাঁচ মিনিট পরই মেসির জাদু দেখা যায়। ফিলাডেলফিয়ার বক্সে একজন ডিফেন্ডারকে কাটিয়ে বাঁ পায়ের বাঁকানো শটে গোল করেন আর্জেন্টাইন তারকা। গোলের পর আকাশের দিকে তাকিয়ে প্রয়াত বাবাকে স্মরণ করেন তিনি।
তবে ৫৮ মিনিটে নিল পিয়েরের গোলে আবারও সমতায় ফেরে ফিলাডেলফিয়া। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ২-২ সমতায় শেষ হয় ম্যাচটি।
