চিত্রনায়ক চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন ওরফে সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার খলনায়ক আশরাফুল হক ডনকে পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) তদন্ত কর্মকর্তার সাত দিনের রিমান্ড আবেদনের ওপর শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালত এ আদেশ দেন।
রিমান্ড শুনানিতে ডনের পক্ষে ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল কালাম খান, ফরিদুল ইসলামসহ কয়েকজন আইনজীবী রিমান্ড বাতিলের আবেদন করেন। তারা দাবি করেন, ডন একজন খল অভিনেতা এবং দেশের মানুষের জন্য তার বিভিন্ন অবদান রয়েছে।
অন্যদিকে রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে যুক্তি দেন। তিনি বলেন, মামলার ১৬৪ ধারার জবানবন্দিতে সালমান শাহকে কীভাবে হত্যা করা হয়েছিল এবং অর্থের বিনিময়ে হত্যার বিষয়ে তথ্য উঠে এসেছে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আত্মগোপনে থাকা আসামিদের শনাক্ত ও গ্রেপ্তার করা প্রয়োজন।
রাষ্ট্রপক্ষ আরও জানায়, বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ডন কার ইন্ধনে বিদেশে যাওয়ার চেষ্টা করেছিলেন, তা তদন্ত করে বের করা প্রয়োজন।
এর আগে গত ৯ আগস্ট সৌদি আরবে ওমরাহ পালনের উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গেলে বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা থাকায় ইমিগ্রেশন পুলিশ ডনকে আটক করে। পরে তাকে সিআইডির কাছে হস্তান্তর করা হয়। ওই দিন আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। ১২ আগস্ট তার জামিন আবেদনও নামঞ্জুর করা হয়।
গত ২০ আগস্ট মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পুলিশ পরিদর্শক মো. মুজিবুর রহমান ডনের সাত দিনের রিমান্ড আবেদন করেন। পরে শুনানির জন্য ২৭ আগস্ট দিন ধার্য করেছিলেন আদালত।
তদন্ত কর্মকর্তা রিমান্ড আবেদনে উল্লেখ করেন, মামলাটি আলোচিত ও চাঞ্চল্যকর। প্রকৃত রহস্য উদ্ঘাটন, সহযোগী অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তার এবং বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ডন কার ইন্ধনে ও কীভাবে বিদেশে যাওয়ার চেষ্টা করেছিলেন, তা জানতে তাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।
