বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ ১ সেপ্টেম্বর। দীর্ঘ রাজনৈতিক পথচলায় নানা চড়াই-উতরাই পেরিয়ে দলটি বর্তমানে পঞ্চমবারের মতো রাষ্ট্রক্ষমতায় রয়েছে।
১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার সময় দলটি ১৯ দফা কর্মসূচি গ্রহণ করে। জিয়াউর রহমানের পর দলটির নেতৃত্ব দেন সাবেক প্রধানমন্ত্রী ও চেয়ারপারসন খালেদা জিয়া। বর্তমানে দলের নেতৃত্বে রয়েছেন তারেক রহমান।
দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেওয়া বাণীতে তারেক রহমান দলের নেতাকর্মী, সমর্থক, শুভানুধ্যায়ী ও দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। একই সঙ্গে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে গভীর শ্রদ্ধায় স্মরণ করেন তিনি। স্মরণ করেন সাবেক চেয়ারপারসন খালেদা জিয়াকেও।
বিএনপি নেতাদের মতে, বাংলাদেশি জাতীয়তাবাদ, বহুদলীয় গণতন্ত্র, জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং জাতীয় স্বার্থকে প্রাধান্য দেওয়া দলটির রাজনৈতিক দর্শনের অন্যতম ভিত্তি। জিয়াউর রহমান স্বনির্ভর বাংলাদেশের যে স্বপ্ন দেখেছিলেন, তা বাস্তবায়নে গ্রামভিত্তিক উন্নয়ন, খাল খননসহ বিভিন্ন কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়েছিল বলেও তারা উল্লেখ করেন।
এবারের প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএনপির সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে উঠে এসেছে রাষ্ট্র পরিচালনায় নিজেদের সক্ষমতা প্রমাণের বিষয়টি। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, কর্মসংস্থান সৃষ্টি, বিনিয়োগ বাড়ানো, অর্থনীতি পুনর্গঠন, প্রশাসনে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নকে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
এর পাশাপাশি গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করা, রাজনৈতিক প্রতিপক্ষের সঙ্গে সম্পর্ক উন্নয়ন এবং জনগণের প্রত্যাশাকে কার্যকর রাষ্ট্র পরিচালনায় রূপ দেওয়াও বিএনপির জন্য বড় পরীক্ষা হয়ে উঠেছে।
দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী বলেন, খালেদা জিয়ার মৃত্যুর পর এটিই বিএনপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী। তাঁর অনুপস্থিতিতে দলের ঐক্য ও শৃঙ্খলা বজায় রাখা এবং তাঁর রাজনৈতিক উত্তরাধিকার এগিয়ে নেওয়া দলের চেয়ারম্যান তারেক রহমানের জন্য বড় দায়িত্ব।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি পাঁচ দিনের কেন্দ্রীয় কর্মসূচি ঘোষণা করেছে। শেরেবাংলানগরে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হবে। নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়, গুলশানে দলের চেয়ারম্যানের কার্যালয়সহ সারা দেশের দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন করা হবে।
এ ছাড়া আলোচনা সভা, বৃক্ষরোপণ ও মৎস্য অবমুক্ত কর্মসূচিও পালন করবে দলটি। আগামী ৫ সেপ্টেম্বর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তনে বিএনপি প্রতিষ্ঠার উদ্দেশ্য ও তাৎপর্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন দলটির নেতারা।
