নেপালে পাহাড়ি ঢল ও ভূমিধসে মৃতের সংখ্যা ১ হাজার ৯৩

নেপালে পাহাড়ি ঢল ও ভূমিধসে মৃতের সংখ্যা ১ হাজার ৯৩

আন্তর্জাতিক

নেপালে ভয়াবহ পাহাড়ি ঢল ও ভূমিধসে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৯৩ জনে। দুর্গত বিভিন্ন এলাকায় এখনো উদ্ধার অভিযান চলছে। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে ত্রাণ সহায়তাও অব্যাহত রয়েছে।

উদ্ধার অভিযানে নেপালের সেনাবাহিনী ও পুলিশের ১০ হাজারের বেশি সদস্য কাজ করছেন। তাদের সঙ্গে ভারত, চীনসহ বিভিন্ন দেশের উদ্ধারকারী দলও যোগ দিয়েছে। দুর্গম এলাকাগুলোতে আটকে পড়া মানুষকে উদ্ধারের পাশাপাশি ক্ষতিগ্রস্তদের কাছে প্রয়োজনীয় ত্রাণ পৌঁছে দেওয়ার চেষ্টা চলছে।

নেপালের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ জানিয়েছে, ভয়াবহ এই দুর্যোগে অন্তত ৩০০টি ভবন পুরোপুরি বিধ্বস্ত হয়েছে। এ ছাড়া আরও বহু স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। পাহাড়ি ঢল ও ভূমিধসে বিস্তীর্ণ এলাকার সড়ক ও যোগাযোগ অবকাঠামোও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

দুর্যোগের কারণে অনেক এলাকায় স্বাভাবিক যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনাতেও নানা ধরনের প্রতিবন্ধকতার মুখে পড়তে হচ্ছে সংশ্লিষ্টদের।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ক্ষতিগ্রস্ত সড়ক, স্থাপনা ও অন্যান্য অবকাঠামো পুনর্নির্মাণ করে স্বাভাবিক জীবনযাত্রা ফিরিয়ে আনতে অন্তত তিন মাস সময় লাগতে পারে। তবে দুর্গত এলাকাগুলোতে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত চলবে।