নব্বইয়ের দশকের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর ৩০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তিন দিনব্যাপী উন্মুক্ত সিনেমা প্রদর্শনীর আয়োজন করেছে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি)। প্রয়াত এই নায়কের ভক্ত-অনুরাগী ও সিনেমাপ্রেমী দর্শকদের জন্য বিএফডিসি প্রাঙ্গণে আয়োজন করা হয়েছে বিশেষ এই প্রদর্শনী।
বিএফডিসির বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিএফডিসির ভিআইপি প্রজেকশন হলে আগামী ৬ সেপ্টেম্বর থেকে শুরু হবে এই আয়োজন। চলবে ৮ সেপ্টেম্বর পর্যন্ত। প্রতিদিন বিকেল ৪টায় দর্শকদের জন্য প্রদর্শিত হবে সালমান শাহ অভিনীত জনপ্রিয় সিনেমা।
আয়োজনের প্রথম দিন ৬ সেপ্টেম্বর দেখানো হবে সালমান শাহ অভিনীত বহুল আলোচিত সিনেমা ‘স্বপ্নের ঠিকানা’।
৭ সেপ্টেম্বর বিকেল ৪টায় দর্শকরা উপভোগ করতে পারবেন সালমান শাহ ও মৌসুমী অভিনীত জনপ্রিয় সিনেমা ‘কেয়ামত থেকে কেয়ামত’।
শেষ দিন ৮ সেপ্টেম্বর একই সময়ে প্রদর্শিত হবে সালমান শাহ ও শাবনূর অভিনীত ‘তোমাকে চাই’ সিনেমা।
বিএফডিসি জানিয়েছে, বিশেষ এই আয়োজন সবার জন্য উন্মুক্ত থাকবে। ফলে সালমান শাহর সিনেমার দর্শক ও ভক্তরা বিনা বাধায় এই প্রদর্শনীতে অংশ নিতে পারবেন।
উল্লেখ্য, নব্বইয়ের দশকের অন্যতম জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মাত্র ২৪ বছর বয়সে মারা যান। তার অকালমৃত্যু বাংলা চলচ্চিত্রে গভীর শোকের সৃষ্টি করে এবং তিন দশক পরও তার মৃত্যু ও অভিনয়জীবন দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহের বিষয় হয়ে আছে।
প্রতিবছর ৬ সেপ্টেম্বর বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে এই জনপ্রিয় নায়ককে স্মরণ করেন তার ভক্ত ও চলচ্চিত্রসংশ্লিষ্টরা।
