জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিচ্ছেন খলিলুর রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিচ্ছেন খলিলুর রহমান

জাতীয়

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নিতে যাচ্ছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। আগামী ৮ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে তিনি এই দায়িত্ব গ্রহণ করবেন।

জানা গেছে, ৮ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু হবে। আগামী ২২ সেপ্টেম্বর রাষ্ট্র ও সরকারপ্রধানদের ভাষণের মধ্য দিয়ে অধিবেশনের উচ্চপর্যায়ের সাধারণ বিতর্ক শুরু হওয়ার কথা রয়েছে। এই অধিবেশনে সভাপতির দায়িত্ব পালন করবেন ড. খলিলুর রহমান।

অধিবেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানেরও বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

এর আগে গত ২ জুন নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সদস্য রাষ্ট্রগুলোর প্রতিনিধিদের ভোটে ড. খলিলুর রহমান সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হন। গোপন ব্যালটে অনুষ্ঠিত ওই নির্বাচনে তিনি সাইপ্রাসের পররাষ্ট্রমন্ত্রীর বিশেষ দূত আন্দ্রেয়াস এস কাকোরিসকে আট ভোটের ব্যবধানে পরাজিত করেন।

এর আগে ১৯৮৬ সালে জাতিসংঘ সাধারণ পরিষদের ৪১তম অধিবেশনে সভাপতির দায়িত্ব পালন করেছিলেন বাংলাদেশের সাবেক পররাষ্ট্রসচিব ও রাজনীতিবিদ হুমায়ুন রশিদ চৌধুরী।

দীর্ঘ চার দশক পর আবারও একজন বাংলাদেশি জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে যাচ্ছেন। বিশ্বের অন্যতম বৃহৎ বহুপক্ষীয় এই ফোরামে বাংলাদেশের জন্য এটি গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব হিসেবে বিবেচিত হচ্ছে।