ভারতের গুয়াহাটির বেলতলা এলাকার বশিষ্ঠপুরে একটি অ্যাপার্টমেন্ট থেকে ২৫ বছর বয়সী এক নারীর খণ্ডবিখণ্ড মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বিয়ের মাত্র কয়েক মাসের মধ্যেই এমন নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
নিহত নারীর নাম রিয়া তালুকদার। তাকে হত্যার অভিযোগে তার স্বামী রামানুজন গোস্বামী পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন। পরে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, গত ৬ সেপ্টেম্বর ওই অ্যাপার্টমেন্ট থেকে দুর্গন্ধ ছড়ানোর অভিযোগ পান তারা। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখতে পায়, গত দুই দিন ধরে ওই দম্পতিকে এলাকায় দেখা যাচ্ছিল না। তাদের মুঠোফোনও বন্ধ ছিল।
পরে অ্যাপার্টমেন্টের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে পুলিশ রিয়ার খণ্ডবিখণ্ড মরদেহ দেখতে পায়। তার আঙুলের কিছু অংশ কাটা ছিল এবং মরদেহে পচন ধরতে শুরু করেছিল। এ সময় তার মাথা পাওয়া যাচ্ছিল না।
পুলিশ পুরো অ্যাপার্টমেন্টে তল্লাশি চালিয়ে একটি ফ্রিজের ভেতরে পলিথিনের ব্যাগে রাখা রিয়ার মাথা উদ্ধার করে। পরে মরদেহ ও মাথা ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।
এ ঘটনার পর রিয়ার স্বামী রামানুজন গোস্বামীর সন্ধানে অভিযান শুরু করে পুলিশ। পরে রোববার রাতে তিনি পুলিশের কাছে আত্মসমর্পণ করলে তাকে গ্রেপ্তার করা হয়।
তবে কী কারণে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে, সে বিষয়ে এখনো কোনো তথ্য প্রকাশ করেনি পুলিশ। হত্যার পেছনের উদ্দেশ্য এবং ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
