যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরান যদি তাকে হত্যা বা হত্যার চেষ্টা করে, তাহলে যুক্তরাষ্ট্র কঠোর সামরিক জবাব দেবে।
শনিবার (১০ জুলাই) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প এ মন্তব্য করেন।
পোস্টে তিনি দাবি করেন, ইরানের দিকে বিপুলসংখ্যক ক্ষেপণাস্ত্র প্রস্তুত রাখা হয়েছে। তার ভাষ্য, বর্তমান মার্কিন প্রেসিডেন্টকে হত্যা বা হত্যার চেষ্টা করা হলে যুক্তরাষ্ট্র তাৎক্ষণিকভাবে ব্যাপক সামরিক প্রতিক্রিয়া জানাবে।
ট্রাম্প আরও দাবি করেন, প্রয়োজন হলে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী দীর্ঘ সময় ধরে ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে অভিযান চালাতে প্রস্তুত রয়েছে।
এর আগে দেওয়া আরেকটি পোস্টে তিনি বলেন, ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে চেয়েছিল এবং ওয়াশিংটন তাতে সম্মত হয়েছিল। তবে একই পোস্টে তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র তেহরানকে জানিয়ে দিয়েছে যে যুদ্ধবিরতি শেষ হয়েছে।
অন্যদিকে ট্রাম্পের এই দাবির বিরোধিতা করেছে ইরান। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে আলোচনার কোনো অনুরোধ তেহরান জানায়নি।
তবে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, কাতারের মধ্যস্থতায় উত্তেজনা প্রশমিত করা এবং হরমুজ প্রণালির পরিস্থিতি নিয়ে শুক্রবার ইরানি কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছেন কাতারের প্রতিনিধিরা।
এদিকে, ওয়াল স্ট্রিট জার্নালসহ কয়েকটি মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, সম্প্রতি ইরান ট্রাম্পকে হত্যার একটি পরিকল্পনা করেছে—এমন গোয়েন্দা তথ্য ইসরায়েল যুক্তরাষ্ট্রকে দিয়েছে। তবে এ বিষয়ে স্বাধীনভাবে নিশ্চিত হওয়া সম্ভব হয়নি এবং সংশ্লিষ্ট পক্ষগুলোও প্রকাশ্যে বিস্তারিত তথ্য দেয়নি।
উল্লেখ্য, চলমান যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনার মধ্যেই উভয় পক্ষের বক্তব্য ও পাল্টা বক্তব্য আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। একই সঙ্গে কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে উত্তেজনা কমানোর প্রচেষ্টাও অব্যাহত রয়েছে।
