তিন সন্তানকে বিষপান করিয়ে বাবার আত্মহত্যার চেষ্টা, নিহত ৩

তিন সন্তানকে বিষপান করিয়ে বাবার আত্মহত্যার চেষ্টা, নিহত ৩

দেশ জুড়ে সিলেট

সুনামগঞ্জের তাহিরপুরে তিন সন্তানকে বিষপান করানোর পর নিজেও বিষপান করেছেন সরফত আলী নামের এক ব্যক্তি। এতে তার তিন সন্তানের মৃত্যু হয়েছে। গুরুতর অসুস্থ অবস্থায় সরফত আলীকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) ভোররাতে তাহিরপুর উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের রজনী লাইন গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো—মাওয়া আক্তার (১০), শামিম মিয়া (৭) ও তামিম মিয়া (২)।

স্থানীয়দের বরাতে জানা গেছে, রাতে কোনো একসময় সরফত আলী তার তিন সন্তানকে বিষপান করিয়ে নিজেও বিষপান করেন। ভোররাতে বিষয়টি জানতে পেরে স্বজন ও প্রতিবেশীরা তাদের উদ্ধার করে বাদাঘাট বাজারের একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তিন শিশুকে মৃত ঘোষণা করেন।

সরফত আলীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, নিহত শিশুদের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পাশাপাশি ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কয়েক দিন আগে স্ত্রী সন্তানদের রেখে প্রবাসে চলে যাওয়াকে কেন্দ্র করে পারিবারিক বিরোধের জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে। তবে ঘটনার প্রকৃত কারণ তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে।