চুয়াডাঙ্গায় ২ হাজার ৬৫০ ইয়াবাসহ আওয়ামী লীগ নেতা আটক

চুয়াডাঙ্গায় ২ হাজার ৬৫০ ইয়াবাসহ আওয়ামী লীগ নেতা আটক

বাংলাদেশ

চুয়াডাঙ্গায় যাত্রীবাহী পূর্বাশা পরিবহনে অভিযান চালিয়ে ২ হাজার ৬৫০ পিস ইয়াবাসহ দেলোয়ার হোসেন (৪৫) নামে এক আওয়ামী লীগ নেতাকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে চুয়াডাঙ্গা পৌর বাস টার্মিনালে এ অভিযান চালানো হয়।

আটক দেলোয়ার হোসেন চুয়াডাঙ্গা পৌর এলাকার সিএন্ডবি পাড়ার মৃত ইসমাইল হোসেনের ছেলে। তিনি আলমডাঙ্গা পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি এবং আলমডাঙ্গা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা পৌর বাস টার্মিনালে অবস্থানরত পূর্বাশা পরিবহনে তল্লাশি চালানো হয়। এ সময় দেলোয়ার হোসেনের কাছ থেকে ২ হাজার ৬৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকে আটক করা হয়।

এ ঘটনায় চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক রফিকুল ইসলাম বাদী হয়ে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন। উদ্ধার করা ইয়াবা জব্দ করা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দাবি, দেলোয়ার হোসেন এসব ইয়াবা পাচারের চেষ্টা করছিলেন। বিষয়টি নিয়ে আইনগত কার্যক্রম চলমান রয়েছে।