গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাম উপসর্গ ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ১ হাজার ২৩৬ জন।
রোববার (২০ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের নিয়ন্ত্রণ কক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১ হাজার ১৪৮ জন। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত হাম উপসর্গে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৭৯ হাজার ৮১৪ জন।
একই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ৮৮ জন। ফলে গত ১৫ মার্চ থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ হাজার ৫৬২ জন।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৫৮ হাজার ৫৮৯ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৫২ হাজার ২৫৫ জন।
এদিকে, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে চারজনের মৃত্যু হয়েছে। গত ১৫ মার্চ থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত হাম উপসর্গে মোট ৯৫৬ শিশুর মৃত্যু হয়েছে।
তবে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। একই সময়ে ১৫ মার্চ থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১০১ জন।
