সন্ত্রাসীদের ভাঙচুর-লুটপাটের শিকার কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিও

সন্ত্রাসীদের ভাঙচুর-লুটপাটের শিকার কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিও

জাতীয়

রাজধানীর ইসিবি চত্বরের পাশে দক্ষিণ মানিকদীর নিউগিনি হাউজিং প্রকল্পে সশস্ত্র একদল দুর্বৃত্তের হামলা, গুলিবর্ষণ ও লুটপাটের অভিযোগ উঠেছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতের এ ঘটনায় হাউজিং সোসাইটির অফিস থেকে প্রায় এক কোটি টাকা লুট করা হয়েছে বলে দাবি করেছে কর্তৃপক্ষ। একই ঘটনায় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতেও ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে।

হাউজিং কর্তৃপক্ষের অভিযোগ, চাঁদার দাবিকে কেন্দ্র করে এ হামলা চালানো হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে হামলাকারীদের সঙ্গে গুলিবিনিময়ের ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল থেকে দুজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ইসিবি চত্বরের পাশে দক্ষিণ মানিকদীতে প্রায় পাঁচ বিঘা জমির ওপর নিউগিনি হাউজিং প্রকল্পটি গড়ে উঠছে। নির্মাণাধীন আবাসিক এলাকাটিতে ১৭টির বেশি বহুতল ভবন রয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে হাউজিং কর্তৃপক্ষ জানায়, রাত ১০টার দিকে চারটি পিকআপ ভ্যানে করে শতাধিক মুখোশধারী ব্যক্তি প্রকল্প এলাকায় প্রবেশ করেন। এরপর তারা গুলিবর্ষণ শুরু করেন এবং একে একে হাউজিং এলাকার সিসিটিভি ক্যামেরাগুলো ভাঙচুর করেন বলে অভিযোগ করা হয়েছে।

এ সময় কয়েকজনকে কুপিয়ে আহত করা এবং কম্পিউটার, মোবাইল ফোনসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী লুটের অভিযোগও উঠেছে। পরে হামলাকারীরা হাউজিং সোসাইটির অফিসে ঢুকে প্রায় এক কোটি টাকা নিয়ে যায় বলে দাবি করেছে কর্তৃপক্ষ।

নিউগিনি প্রপার্টিজের পরিচালক সাইফুল ইসলাম ভূঁইয়া বলেন, দুর্বৃত্তরা মোটা অঙ্কের টাকা দাবি করে আসছিল। প্রায় দুই মাস আগেও একই ধরনের হামলার ঘটনা ঘটেছিল বলে দাবি করেন তিনি। তার অভিযোগ, প্রকল্পের ক্রয় করা জমি দখলে নেওয়ারও চেষ্টা করা হচ্ছে।

এ ঘটনায় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওও হামলার শিকার হয়েছে। সেখানে থাকা কর্মীদের মারধর করে ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। ঘটনার পর ক্ষোভ প্রকাশ করেন সালমান মুক্তাদির।

পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থলে গেলে দুই পক্ষের মধ্যে গুলিবিনিময় হয়। পরে সেখান থেকে দুজনকে আটক করা হয়েছে।

ক্যান্টনমেন্ট থানার পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মুহাম্মদ গিয়াস উদ্দিন জানান, এ ঘটনায় ক্যান্টনমেন্ট থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

ঘটনার সঙ্গে কারা জড়িত, হামলার উদ্দেশ্য এবং লুট হওয়া অর্থ ও মালামালের প্রকৃত পরিমাণ তদন্তের পর স্পষ্ট হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। হামলা, লুটপাট ও চাঁদা দাবির অভিযোগগুলোও তদন্তাধীন।