‘বস্তা বস্তা টাকা লেনদেন’ বক্তব্যকে স্লিপ অব টাং বললেন ফুয়াদ, সতর্ক করে মামলা নিষ্পত্তি

‘বস্তা বস্তা টাকা লেনদেন’ বক্তব্যকে স্লিপ অব টাং বললেন ফুয়াদ, সতর্ক করে মামলা নিষ্পত্তি

জাতীয়

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সম্পর্কে ‘বস্তা বস্তা টাকা লেনদেন হচ্ছে’—এমন বক্তব্যকে স্লিপ অব টাং বা অনিচ্ছাকৃত ভুল বক্তব্য বলে ব্যাখ্যা দিয়েছেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। সোমবার (২৩ নভেম্বর) ট্রাইব্যুনালে হাজির হয়ে তিনি এ ব্যাখ্যা দেন। পরে ভবিষ্যতে এ ধরনের বক্তব্য না দেওয়ার বিষয়ে সতর্ক করে আদালত অবমাননার মামলাটি নিষ্পত্তি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান গোলাম মর্তুজা মজুমদার বলেন, এমন মিথ্যা বক্তব্যের কারণে দেশ ও বিশ্বের কাছে বাংলাদেশের আদালত সম্পর্কে নেতিবাচক বার্তা গেছে এবং এতে বহু মানুষের ক্ষতি হয়েছে। মামলার সূত্রে জানা যায়, গত ২৮ অক্টোবর এবি পার্টির একটি অনুষ্ঠানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া নিয়ে বক্তব্য দেন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। সেখানে তিনি ‘বস্তায় বস্তায় লেনদেন হচ্ছে’ বলে মন্তব্য করেন। তার এ বক্তব্য বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে বিষয়টি ট্রাইব্যুনালের নজরে আসে।

এরপর গত ১ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ স্বপ্রণোদিত হয়ে আদালত অবমাননার অভিযোগ আমলে নেন। একই সঙ্গে ফুয়াদকে ৪ নভেম্বর ট্রাইব্যুনালে সশরীরে হাজির হয়ে বক্তব্যের বিষয়ে ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়। তবে নির্ধারিত দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে অসুস্থ থাকায় তার পক্ষে আইনজীবী হাজির হয়ে সময়ের আবেদন করেন। আবেদনে এক মাস সময় চাওয়া হয়।

শুনানি শেষে ট্রাইব্যুনাল সময়ের আবেদন মঞ্জুর করে পরবর্তী হাজিরার জন্য ২৩ নভেম্বর দিন ধার্য করেন। একই সঙ্গে ওই দিন ফুয়াদকে সশরীরে উপস্থিত হয়ে আদালত অবমাননার অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়।