মেসির দুর্দান্ত ফ্রি-কিকেও হার এড়াতে পারল না মায়ামি

মেসির দুর্দান্ত ফ্রি-কিকেও হার এড়াতে পারল না মায়ামি

খেলাধুলা

লিওনেল মেসি গোল করেও ইন্টার মায়ামিকে জেতাতে পারলেন না। সোমবার (২৮ সেপ্টেম্বর) মেজর লিগ সকারের ম্যাচে কলম্বাস ক্রুর কাছে ২-১ গোলে হেরেছে মেসির দল। ম্যাচে মেসি করেছেন দারুণ এক ফ্রি-কিক গোল।

ম্যাচের ২৮ মিনিটে পেনাল্টি পায় স্বাগতিক কলম্বাস। সেখান থেকে জোসেফ মার্তিনেজ গোল করে দলকে এগিয়ে দেন।

এর পাঁচ মিনিট পরই গোল শোধ করে মায়ামি। ৩৩ মিনিটে পাওয়া ফ্রি-কিকে অসাধারণ দক্ষতার পরিচয় দেন মেসি। কর্নারের একটু সামনে থেকে বাঁ পায়ের নিখুঁত বাঁকানো শটে বল জালে জড়িয়ে দেন আর্জেন্টাইন তারকা। মেসির শটের গতি ও বাঁক বুঝে ওঠার আগেই বল চলে যায় গোলরক্ষকের নাগালের বাইরে।

মেসির এই গোলের পর ম্যাচে সমতা ফেরে। নির্ধারিত ৯০ মিনিট শেষে দুই দল ১-১ সমতায় ছিল। তবে যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন মায়ামির সান্তিয়াগো মোরালেস। ফলে ১০ জনের দল হয়ে পড়ে মায়ামি।

এরপর যোগ করা সময়ের অষ্টম মিনিটে জামাল থিয়ারের গোলেই জয় নিশ্চিত করে কলম্বাস। শেষ মুহূর্তের গোলে ২-১ ব্যবধানে হেরে মাঠ ছাড়ে মেসির দল।

এই হারের পর ইস্টার্ন কনফারেন্সে তৃতীয় অবস্থানে রয়েছে ইন্টার মায়ামি। দ্বিতীয় স্থানে থাকা নিউ ইংল্যান্ড রেভল্যুশনের সঙ্গে তাদের পয়েন্ট সমান। শীর্ষে থাকা ন্যাশভিল এসসির চেয়ে ১৪ পয়েন্ট পিছিয়ে রয়েছে মায়ামি।