টালিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিককে পশ্চিমবঙ্গের রাজ্যসভা উপনির্বাচনে প্রার্থী করেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। রবিবার (৪ অক্টোবর) কেন্দ্রীয় নেতৃত্বের ঘোষিত প্রার্থী তালিকায় তাঁর নাম প্রকাশ করা হয়। এর মধ্য দিয়ে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সংসদ সদস্য পদ থেকে পদত্যাগের পর অভিনেত্রীকে ঘিরে চলা রাজনৈতিক জল্পনার অবসান হলো।
চলতি বছরের এপ্রিলে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে রাজ্যসভার সংসদ সদস্য নির্বাচিত হয়ে শপথ নিয়েছিলেন কোয়েল। তবে মাত্র কয়েক মাসের ব্যবধানে ১৬ জুলাই তিনি সংসদ সদস্য পদ থেকে ইস্তফা দেন। তাঁর ছেড়ে দেওয়া সেই আসনেই আগামী ১৬ অক্টোবর উপনির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
পদত্যাগের পর থেকেই কোয়েল মল্লিকের বিজেপিতে যোগদানের আলোচনা শুরু হয়েছিল। তবে বিজেপির প্রার্থী হিসেবে তাঁর নাম ঘোষণার মধ্য দিয়ে সেই আলোচনায় সিলমোহর পড়ল। নির্বাচন কমিশনের ঘোষিত সূচি অনুযায়ী, এই রাজ্যসভা উপনির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ৬ অক্টোবর।
মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ৯ অক্টোবর। আগামী ১৬ অক্টোবর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে একই দিনে ভোটগণনা সম্পন্ন করা হবে।
মনোনয়ন পাওয়ার পর কোয়েল মল্লিককে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গনে নতুন করে তীব্র চর্চা শুরু হয়েছে। তৃণমূলের সংসদ সদস্য পদ ছেড়ে বিজেপির প্রার্থী হওয়া এই অভিনেত্রীর রাজনৈতিক পদক্ষেপে আগামী দিনের সমীকরণ কোন দিকে মোড় নেয়, এখন সেদিকেই চোখ সবার।
