ভারতে আর শান্তি খুঁজে পাই না’—সম্প্রতি এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত। তার মন্তব্য ঘিরে সমাজমাধ্যমে বিতর্ক তৈরি হওয়ার পর এবার নিজের বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন ‘খলনায়ক’খ্যাত এই অভিনেতা।
এক সাক্ষাৎকারে সঞ্জয় দত্তকে প্রশ্ন করা হয়, এক দিনের জন্য ভারতের প্রধানমন্ত্রী হলে তিনি দেশবাসীর উদ্দেশে কী বার্তা দেবেন। জবাবে তিনি বলেন, ভারতীয়দের ভালোবাসা ও আতিথেয়তা তার কাছে অত্যন্ত মূল্যবান। তবে বর্তমান পরিস্থিতিতে তিনি দেশে আগের মতো শান্তি খুঁজে পাচ্ছেন না।
সঞ্জয় দত্তের এই মন্তব্য প্রকাশ্যে আসার পরই সমাজমাধ্যমে শুরু হয় আলোচনা-সমালোচনা। অনেকেই তার বক্তব্যের সমালোচনা করেন। এর পরিপ্রেক্ষিতে নিজের বক্তব্যের ব্যাখ্যা দিতে সমাজমাধ্যমে একটি বিবৃতি প্রকাশ করেন অভিনেতা।
সেখানে সঞ্জয় দত্ত বলেন, তার বক্তব্যকে ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে। কোনো ব্যক্তি, সম্প্রদায় বা কারও ধর্মীয় অনুভূতিতে আঘাত করার উদ্দেশ্য তার ছিল না।
মন্তব্যের প্রেক্ষাপট তুলে ধরে তিনি জানান, কথাটি আগে থেকেই প্রস্তুত করা একটি লিখিত স্ক্রিপ্টের ভিত্তিতে হালকা মেজাজে রসিকতা করে বলা হয়েছিল। ‘মুন্নাভাই’ সিনেমায় তার অভিনীত চরিত্রের ‘গান্ধীগিরি’র প্রসঙ্গও টেনে আনেন তিনি।
সঞ্জয় দত্তের দাবি, মূল বক্তব্যের প্রেক্ষাপট বাদ দিয়ে তার মন্তব্য প্রকাশ করায় ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে।
এদিকে কাজের দিক থেকে সামনে সঞ্জয় দত্তকে দেখা যাবে তার জনপ্রিয় সিনেমা ‘খলনায়ক’-এর সিক্যুয়েল ‘খলনায়ক রিটার্নস’-এ। ১৯৯৩ সালে মুক্তি পাওয়া ‘খলনায়ক’ সিনেমাটি তার ক্যারিয়ারের অন্যতম সফল চলচ্চিত্র।
