অটোরিকশার কারণে ঢাকার স্বাভাবিক গতি ব্যাহত: সড়কমন্ত্রী

অটোরিকশার কারণে ঢাকার স্বাভাবিক গতি ব্যাহত: সড়কমন্ত্রী

জাতীয়

রাজধানী ঢাকায় অটোরিকশার অনিয়ন্ত্রিত চলাচলের কারণে যানবাহনের স্বাভাবিক গতি ব্যাহত হচ্ছে বলে মন্তব্য করেছেন সড়ক, রেলপথ ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। এ পরিস্থিতি নিয়ন্ত্রণে অটোরিকশাকে একটি নির্দিষ্ট নীতিমালার আওতায় আনার কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে রাজধানীর ধানমন্ডি লেকের পুনঃখনন ও উন্নয়নকাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন মন্ত্রী।

শেখ রবিউল আলম বলেন, ঢাকার বিভিন্ন সড়কে অটোরিকশার আধিক্যের কারণে নগরীর স্বাভাবিক যান চলাচল ব্যাহত হচ্ছে। তাই এসব যানবাহনকে একটি সুনির্দিষ্ট কাঠামোর মধ্যে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে সমন্বিত নীতিমালা প্রণয়নের কাজ চলছে এবং শিগগিরই এ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে।

ধানমন্ডি লেকের উন্নয়নে নানা উদ্যোগ ধানমন্ডি লেকের পুনঃখনন ও সংস্কারকাজ শেষে সেখানে আধুনিক বিভিন্ন সুযোগ-সুবিধা যুক্ত করা হবে বলে জানান মন্ত্রী। পরিবেশ উন্নয়নে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে প্রধানমন্ত্রী দুটি প্রকল্প অনুমোদন দিয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।

লেকের পরিবেশ রক্ষায় নাগরিকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে শেখ রবিউল আলম বলেন, লেকের পানিতে বা আশপাশে ময়লা-আবর্জনা ফেলা যাবে না। নিজেদের শহর পরিচ্ছন্ন রাখতে সবাইকে সচেতন হতে হবে।

সাম্প্রতিক পরিকল্পনা অনুযায়ী ধানমন্ডি লেকের উন্নয়নকাজে পলি অপসারণ, পরিবেশ ও অবকাঠামোগত উন্নয়নসহ নাগরিকদের জন্য বিভিন্ন সুবিধা যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

জলাবদ্ধতা নিরসনে ৩৫০ কোটি টাকার প্রকল্প বর্ষাকালে জলাবদ্ধতাকে ঢাকার অন্যতম বড় সমস্যা হিসেবে উল্লেখ করেন সড়ক পরিবহনমন্ত্রী। তিনি জানান, ধানমন্ডি এলাকার জলাবদ্ধতা নিরসনে প্রায় ৩৫০ কোটি টাকার একটি প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এর আগে জুন মাসেও ধানমন্ডি এলাকার জলাবদ্ধতা নিরসনে এই অর্থের প্রকল্পের কথা জানিয়েছিলেন তিনি।

নগরীর যান চলাচলে শৃঙ্খলা ফেরানো, জলাবদ্ধতা কমানো এবং পরিবেশ উন্নয়নের পাশাপাশি নাগরিকদের সচেতনতা বাড়ানোর ওপরও গুরুত্ব দিচ্ছে সরকার—এমনটাই জানিয়েছেন মন্ত্রী।